কলকাতাঃ কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার বাড়ি ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি নিজেই জানান, এখন তিনি ভাল আছেন। চিকিৎসকদের পরামর্শ, নিয়ম করে সময়মতো খাওয়াদাওয়া করতে হবে তাঁকে।
গত শুক্রবার পেটের ডান দিকে ব্যথা নিয়ে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল মীরাকে। চিকিৎসক সৌতিক পন্ডার তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসকদের সূত্রে জানা যায়, সিটি স্ক্যানে পেটের ডান দিকে তেমন কোনও সমস্যা ধরা পড়েনি। তবে পেটের বাঁ দিকে পুরু আস্তরণের মতো একটি বিষয় নজরে আসে। প্রাথমিক চিকিৎসার পর তাঁর পেটের ব্যথাও কমে যায়। রুটিন রক্ত পরীক্ষার পাশাপাশি তাঁর শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছিলেন চিকিৎসকেরা। তাঁর চিকিৎসার জন্য কার্ডিওলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি-সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে মেডিক্যাল বোর্ডও তৈরি করা হয়েছিল।
চিকিৎসকদের বক্তব্য, মীরা নিয়মিত ও পর্যাপ্ত খাবার খান না। তাই বাড়ি ফেরার পর নির্দিষ্ট সময়ে খাবার খাওয়ার বিষয়ে তাঁকে বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে। আপাতত বাড়িতেই বিশ্রামে থাকবেন তিনি। মীরার শারীরিক পরিস্থিতির খোঁজ নিতে শনিবার হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে দেখা করে চিকিৎসার বিষয়েও খোঁজ নেন মুখ্যমন্ত্রী। এর আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে মীরাকে। তবে এবারের চিকিৎসার পর আপাতত স্থিতিশীল মীরা ভট্টাচার্য।
বিষয় : Meera Bhattacharya

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন