বাঁকুড়াঃ রেশনে খারাপ চাল-গম? মুখ বুজে নেওয়ার দিন শেষ। পোকা ধরা বা নিম্নমানের সামগ্রী এলে তা ডিস্ট্রিবিউটরের কাছে ফেরত পাঠাতে হবে, এমনই কড়া বার্তা দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। শনিবার বাঁকুড়া-১ ব্লকে রেশন দোকানে সারপ্রাইজ ভিজিট করে উপভোক্তা এবং ডিলারদের সঙ্গে কথা বলেন তিনি।
প্রথমে আদিবাসী-প্রধান ধুলকুমারী গ্রামে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। রেশন পরিষেবা নিয়ে তাঁদের অভাব-অভিযোগ শোনেন। রেশন ডিলারদের বিরুদ্ধে তাঁদের কোনও অভিযোগ রয়েছে কি না, সে সম্পর্কেও উপভোক্তাদের কাছে জানতে চান তিনি। স্থানীয়দের একাংশ জানান, আগের তুলনায় রেশনের সামগ্রীর মান ভালো হয়েছে। এরপর হরেকৃষ্ণপুরের রেশন দোকানে যান খাদ্যমন্ত্রী। সেখানে আচমকাই পরিদর্শন করেন তিনি। দোকানে মজুত থাকা চাল ও গমের গুণগত মান নিজের চোখে খতিয়ে দেখেন। পরিদর্শনের সময় রেশন ডিলারকে উদ্দেশ্য করে মন্ত্রীর স্পষ্ট নির্দেশ, “কোনও গ্রাহককে খারাপ জিনিস দেবেন না। এ নিয়ে যেন ডিপার্টমেন্টে কোনও অভিযোগ জমা না পড়ে।”
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক কীর্তনীয়া বলেন, সরকারের মূল লক্ষ্য উপভোক্তারা যাতে ভালো মানের চাল ও গম পান। রেশন ব্যবস্থায় দুর্নীতির সঙ্গে কোনও রকম আপস করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। তাঁর বক্তব্য, ‘‘খারাপ চাল, গম এলে তা ডিস্ট্রিবিউটরদের কাছে ফেরত পাঠিয়ে দেবেন। সাধারণ মানুষকে খারাপ সামগ্রী দেবেন না। যদি দেন, তাহলে তার দায় রেশন ডিলারের।’’ শুধু রেশন দোকান পরিদর্শন নয়, স্থানীয় মানুষের কাছ থেকেও সরাসরি পরিষেবার পরিস্থিতি জানতে চান মন্ত্রী।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন