কলকাতাঃ ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে হামলা ও ভাঙচুর ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হল। ঘটনায় অভিষেককেই নিশানা করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর অভিযোগ, অতীতে ডিম হামলা এবং ভাঙচুরের মতো ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকজনের নামই সামনে এসেছে।
অগ্নিমিত্রার বক্তব্য, “কে করেছে (হামলা) সেটা দেখতে হবে। যতবারই ভাঙচুর হয়েছে, ডিম মারা হয়েছে তখন দেখা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকজনই করেছে। নিজেদের লোকজনকেই সামলাতে পারে না। তা না হলে আপনাদের বিভিন্ন দল হয়! ঋতব্রত তৃণমূল, এই তৃণমূল, অভিষেকের তৃণমূল, কতগুলো তৃণমূল?” অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, বিজেপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। কোনও রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা বা ভাঙচুর সমর্থন করে না। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। অভিযোগ, ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে একদল দুষ্কৃতী ঢুকে ভাঙচুর চালায়। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের উপর মারধর করা হয়েছে বলেও দাবি করেছে কালীঘাট তৃণমূল।
ঘটনার পর দফতরের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, পরিকল্পিত ভাবে তাঁর দফতরে হামলা চালানো হয়েছে। যদিও তৃণমূলের সেই অভিযোগ খারিজ করেছে বিজেপি।
বিষয় : West Bengal Abhishek Banerjee

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন