কলকাতা: নিট কেলেঙ্কারী কেন্দ্র করে তিলোত্তমায় চলা আন্দোলন এবার গড়াল চরম আইনি আইনি টানাপোড়েনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকৃত ও অশালীন ছবি প্রকাশ্যে প্রদর্শন করার অভিযোগে অভিনেত্রী শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে এবার সুর চড়ালো রাজ্য বিজেপি। আন্দোলনের নামে অসভ্যতা ও দেশের সর্বোচ্চ প্রশাসনিক প্রধানকে অবমাননার অভিযোগে শ্রীলেখার বিরুদ্ধে একাধিক থানায় মামলা দায়ের করা হয়েছে। বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি বিধাননগর সাইবার থানাতেও বিজেপির প্রতিনিধিরা লিখিত এফআইআর জমা দিয়েছেন। অবিলম্বে জামিন অযোগ্য ধারায় অভিনেত্রীকে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে গেরুয়া শিবির।
বিজেপি নেতৃত্বের দাবি, গত শুক্রবার কলকাতায় আয়োজিত ছাত্র মিছিলে যোগ দিয়ে শ্রীলেখা মিত্র প্রধানমন্ত্রীর কুরুচিকর একটি পোস্টার হাতে নিয়ে প্রদর্শন করেন। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক কড়া ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। যার মধ্যে রয়েছে ইচ্ছাকৃত ভাবমূর্তি বা মর্যাদা ক্ষুণ্ণ করে সমাজে শান্তি বিঘ্নিত করার ৩৫২ নম্বর ধারা, জনরোষ সৃষ্টির উদ্দেশ্যে উসকানিমূলক আচরণ সংক্রান্ত ৩৫৩ নম্বর ধারা এবং ইচ্ছাকৃত মানহানির ৩৫৬ নম্বর ধারা। অভিনেত্রীকে সরাসরি ‘টুকরে টুকরে গ্যাং’-এর সমর্থক বলেও দাগিয়ে দিয়েছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ।
গ্রেফতারির আশঙ্কায় একেবারেই ভিত নন বলে সাফ জানিয়ে পাল্টা সুর চড়িয়েছেন শ্রীলেখা মিত্র। পুরো বিতর্ক নিয়ে মুখ খুলে তিনি জানান, রোদচশমা পরে থাকার কারণে এবং সেই মুহূর্তে পুলিশের লাঠিচার্জের হুলস্থূল পরিস্থিতির মধ্যে পোস্টারটিতে ঠিক কী ছবি ছিল তা তিনি খেয়াল করেননি। কোনো দেশদ্রোহীতা বা ইচ্ছাকৃত মোদীজিকে অবমাননা করার উদ্দেশ্য তাঁর ছিল না বলেই দাবি অভিনেত্রীর। এই ইস্যুতে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। তবে একাধিক থানার আইনি জাঁতাকলে শ্রীলেখার এই বিতর্ক রাজনৈতিক মহলে জোর শোরগোল ফেলে দিয়েছে।
হিডেন স্টোরিজ নিউজ

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন