কৃষ্ণনগরঃ সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। ভারতীয় সেনা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া মামলায় এই নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার কৃষ্ণনগর আদালতের বিচারক দিব্যেন্দু দাস পরোয়ানা জারি করেন।
মামলাকারীর অভিযোগ, একাধিক বার সমন পাঠানো হয়েছে। কিন্তু আদালতে হাজির হননি মহুয়া। নির্ধারিত কোনও তারিখেই তিনি আদালতে উপস্থিত না হওয়ায় শেষ পর্যন্ত গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন মামলাকারীর আইনজীবী। কৃষ্ণনগরের নাজিরাপাড়ার বাসিন্দা চয়ন নন্দী মহুয়ার বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিলেন। তাঁর অভিযোগের মধ্যে রয়েছে সেনাবাহিনী ও জওয়ানদের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের বিষয়ও। এছাড়া মহিলাদের তুলসী মালা, বোরখা ও হিজাব পরানো সংক্রান্ত মন্তব্য নিয়েও আপত্তি জানানো হয়েছে।
মহুয়ার বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা হয়েছে। সূত্রের খবর, নারীর শালীনতা ক্ষুণ্ণ করা, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিরোধ উস্কে দেওয়া, ধর্মীয় ভাবাবেগে আঘাত, ভয় দেখানো এবং ঘৃণাভাষণ সংক্রান্ত ধারাও মামলায় যুক্ত করা হয়েছে।
বিষয় : Mahua Moitra Krishnangar Arrest Warrant

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন