কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনের ঠিক বাইরেই তৃণমূল মুখপাত্র তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল রাজনৈতিক মহলে। সোমবার সন্ধ্যার এই নজিরবিহীন ঘটনার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মঙ্গলবার দুপুরে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম চন্দন কয়াল এবং রবি কয়াল। খোদ জ়েড ক্যাটেগরির নিরাপত্তা বেষ্টিত প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কীভাবে এমন ‘অসভ্যতা’ ও ‘বাঁদরামি’ চলল, তা নিয়ে সোমবার রাতেই কালীঘাট থানায় এফআইআর দায়ের করে পুলিশের ভূমিকা নিয়ে কড়া প্রশ্ন তুলেছিলেন খোদ কুণাল।
সোমবার সন্ধ্যায় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একটি হাইপ্রোফাইল বৈঠক শেষে দলের অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে বেরিয়ে আসছিলেন কুণাল ঘোষ। বাইরে অপেক্ষারত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের অনুরোধে যখন তিনি ক্যামেরার সামনে কথা বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই আচমকা তাঁকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। ডিম এসে লাগে বিধায়কের মাথায় ও পিঠে। এই ঘটনার পর তীব্র ক্ষোভ প্রকাশ করে কুণাল জানান, নিরস্ত্র ও নিরাপত্তাহীন অবস্থায় একা পেয়ে এই কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে এবং পুলিশ সেখানে কেবলই দর্শকের ভূমিকা পালন করেছে।
"আর নয় নীল সাদা!" এবার হলুদ গেরুয়ায় সাজল বড়ঞার 'মডেল' পঞ্চায়েত
মঙ্গলবার সকালে একটি দীর্ঘ ফেসবুক পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন কুণাল ঘোষ। তিনি লেখেন, “সুভানুধ্যায়ী ছাড়া আমার কারও সাহায্য লাগবে না। সুযোগ বুঝে ডিম ছুড়ে পালানো এত বড় বীর!” তিনি মনে করিয়ে দেন, তৃণমূলের মুখপাত্র হয়েও অতীতে বিজেপি নেতা সজল ঘোষের বাড়ি ভাঙা বা কৌস্তুভ বাগচীর হেনস্থার বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। তাঁর সাফ কথা, “আমার ওপর হামলার চেষ্টা হয়েছে, আরও হবে। বড়জোর আমার মৃতদেহ পড়ে থাকবে, কিন্তু আমি বদলাব না।” একই সাথে বিজেপি-র বিরুদ্ধে রাজনৈতিক লড়াই এবং দলের ভুলত্রুটি সংশোধনের চেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।
এই ঘটনায় এক নতুন রহস্যের দিক উন্মোচন করেছেন কুণাল ঘোষ। অভিযুক্তদের মধ্যে একজনের ছবি সমাজমাধ্যমে পোস্ট করে তিনি দাবি করেন, এই যুবকটি নাকি মমতার বাড়িতে সিআইডি অভিযানের সময় পুলিশের পক্ষ থেকে সাক্ষী ছিলেন এবং সিজ়ার লিস্টেও তাঁর সই রয়েছে। কুণালের প্রশ্ন, তবে কি প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িকে ঘিরে হামলার আগে কোনও রেইকি করানো হয়েছিল? হাইপ্রোফাইল ওই চত্বরের নিরাপত্তা নিয়ে খোঁচা দেওয়ার পাশাপাশি অবশ্য স্বভাবসিদ্ধ রসিকতার সুরে কুণাল এও যোগ করতে ভোলেননি, “আমি ডিম ভালোবাসি।”

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন