সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুয়ো খবরকে কেন্দ্র করে এবার আইনের দ্বারস্থ হলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। অভিযোগ, তাঁর নাম ব্যবহার করে পরিচালিত একটি ফেসবুক পেজ থেকে ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট করা হচ্ছে, যার ফলে ক্ষুণ্ণ হচ্ছে তাঁর ব্যক্তিগত ও সামাজিক ভাবমূর্তি।
জানা গিয়েছে, ‘সৌরভ গঙ্গোপাধ্যায় ফ্যানস’ নামে একটি ফেসবুক পেজে সম্প্রতি দাবি করা হয় যে, সৌরভের বাড়িতে নাকি হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই খবর সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি। তাঁর অভিযোগ, কোনওরকম তথ্যপ্রমাণ ছাড়াই এমন পোস্ট করে জনমানসে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।
এই ঘটনায় কলকাতা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন সৌরভ। পুলিশের কাছে অভিযোগপত্রে সৌরভ লিখেছেন, ‘সৌরভ গাঙ্গুলি ফ্যানস পেজটি নিয়মিত এমন কিছু পোস্ট শেয়ার করছে, যা আমার সম্মানহানি করার চেষ্টা করছে এবং জনতার কাছে আমার নেতিবাচক ভাবমূর্তি তৈরির চেষ্টা করছে। আমি বহু বছর ধরে দেশের সেবা করেছি, জাতীয় দলের অধিনায়ক ছিলাম। বিশ্বজুড়ে বহু মানুষ আমাকে ফলো করেন। একজন সুপরিচিত ব্যক্তি হিসেবে আমি জানি, বিভিন্ন মতামত ও সমালোচনা জীবনের অঙ্গ। কিন্তু আমার সম্মান নষ্ট করার জন্য ভুল-বিভ্রান্তিকর তথ্য দিয়ে ক্ষতিকর বিষয় ছড়ানো হচ্ছে। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত।’
পুলিশ সূত্রে খবর, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে পেজটির পরিচালকদের চিহ্নিত করার চেষ্টা চলছে। সৌরভের ঘনিষ্ঠ মহলের দাবি, জনজীবনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়ে সমালোচনা হতে পারে, কিন্তু ইচ্ছাকৃতভাবে ভুয়ো তথ্য ছড়িয়ে মানহানি করার অধিকার কারও নেই। সেই কারণেই এবার আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন