ভারী বৃষ্টির মাঝেই বড়সড় বিপত্তি আলিপুর চিড়িয়াখানায়। মাটির তলা দিয়ে যাওয়া আদিগঙ্গার সংযোগকারী একটি পাইপলাইন ফেটে যাওয়ায় চিড়িয়াখানার একাংশ জলমগ্ন হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত তৎপর হয় প্রশাসন এবং ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
জানা গিয়েছে, ক্যাঙারু ও শিম্পাঞ্জি এনক্লোজারের কাছে ভূগর্ভস্থ পাইপলাইনে ফাটল ধরা পড়ে। সেখান থেকে দ্রুত জল বেরিয়ে আশপাশের এলাকায় জমতে শুরু করে। খবর পেয়েই চিড়িয়াখানা কর্তৃপক্ষ এবং কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নামেন। ক্ষয়ক্ষতির পরিমাণও খতিয়ে দেখা হয়। ঘটনার খবর পেয়ে চিড়িয়াখানায় পৌঁছে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলে দ্রুত মেরামতির কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, তার জন্য পরিকাঠামোর রক্ষণাবেক্ষণ ও নজরদারি আরও জোরদার করার পরামর্শও দেন।
প্রশাসনের দাবি, পাইপ মেরামতির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় কোনও প্রাণীর নিরাপত্তা বা স্বাস্থ্যগত সমস্যা তৈরি হয়নি। এদিকে, দর্শনার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে। শুধু চিড়িয়াখানাই নয়, শহরের কোথাও জল জমার ঘটনা ঘটলে দ্রুত দফতরকে জানাতে নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন