দিঘার জগন্নাথ মন্দিরে এবার রথযাত্রায় বড় বদল আনতে চলেছে রাজ্য সরকার। গত বছর যেখানে রথের রশি টানার সুযোগ পেয়েছিলেন শুধু তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সরকারের আমন্ত্রিত কয়েকজন অতিথি, সেখানে এবার সাধারণ ভক্তদেরও রথের রশি টানার সুযোগ দেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে খবর। পালাবদলের পর এটাই দিঘার প্রথম রথযাত্রা, আর সেই অনুষ্ঠান থেকেই ‘ভিআইপি সংস্কৃতি’ ভাঙার বার্তা দিতে চাইছে নতুন সরকার।
ইতিমধ্যেই শুরু হয়েছে রথযাত্রার প্রস্তুতি। গত ২৯ জুন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার স্নানযাত্রা সম্পন্ন হয়েছে। এবার রথের সংস্কার, রং করা এবং ট্রায়ালের মাধ্যমে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে। পুরীর মতো প্রতি বছর নতুন রথ তৈরি না হলেও, এ বছর তিনটি রথ নতুন করে রং করা হয়েছে। বর্তমানে সেগুলি মন্দিরের উত্তর দিকে রাখা হয়েছে।
বৃহস্পতিবার সেই রথগুলির মহড়া হওয়ার কথা, যেখানে প্রশাসনের শীর্ষ কর্তাদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, এ বছরের রথযাত্রায় সাধারণ মানুষের অংশগ্রহণই হবে সবচেয়ে বড় অগ্রাধিকার। শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, ভক্ত ও পর্যটকদের নিরাপত্তার বিষয়েও বিশেষ নজর দেওয়া হচ্ছে। রথযাত্রাকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য জেলা পুলিশ প্রশাসনও বিশেষ নিরাপত্তা পরিকল্পনা করেছে।
পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার জানিয়েছেন, দিঘার রথযাত্রা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে প্রশাসন সবরকম প্রস্তুতি নিয়েছে। অন্যদিকে রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডলের দাবি, আগের সরকারের সময়ে সাধারণ মানুষকে রথের কাছেও যেতে দেওয়া হয়নি। এবার সেই সংস্কৃতি বদলে সকল ভক্ত যাতে রথের রশি স্পর্শ করতে পারেন, সেই ব্যবস্থাই করা হচ্ছে।

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন