বেঙ্গালুরু: সকালের আলো ফোটার আগেই পেটের টানে কাজে নেমেছিলেন দিনমজুররা। কিন্তু কে জানত, সেই সকালের শিফটই তাঁদের জীবনের শেষ শিফট হতে চলেছে! বৃহস্পতিবার ভোরে বেঙ্গালুরুর এক পাথরখাদানে ঘটল এক হাড়হিম করা ঘটনা। কাজ করার সময় আচমকাই ওপর থেকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিশালাকার পাথরের চাঁই। আর তার নিচেই জীবন্ত চাপা পড়ে মৃত্যু হলো কমপক্ষে সাত জন শ্রমিকের। এই ভয়াবহ দুর্ঘটনার খবর চাউর হতেই গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ বেঙ্গালুরু সাউথ তালুকের মদাপট্টানার একটি পাথরখাদানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রতিদিনের মতো এ দিন সকালেও প্রায় জনা দশেক শ্রমিক খাদানের গভীরে নেমে পাথর ভাঙার কাজ করছিলেন। আচমকাই কোনো কিছু বুঝে ওঠার আগেই একটি প্রকাণ্ড পাথরের চাঁই হুড়মুড়িয়ে এসে পড়ে তাঁদের ওপর। ভারী পাথরের নিচে মুহূর্তের মধ্যে চাপা পড়ে যান কর্মরত শ্রমিকরা। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। তবে ততক্ষণে সব শেষ।
প্রাথমিক তথ্যের ওপর ভিত্তি করে জানা যাচ্ছে, মৃত সাত জন শ্রমিকই আদতে বিহারের বাসিন্দা ছিলেন। তাঁরা সকলেই এখানে দিনমজুর হিসেবে কাজ করতে এসেছিলেন। পাথর চাপায় ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় বলে আশঙ্কা করা হচ্ছে, যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক সিলমোহর দেওয়া বাকি। দুর্ঘটনার পর বাকি আহত শ্রমিকদের রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। খনি কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ঠিক কী কারণে এই ধস, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন