অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রকৃত নেতৃত্ব তাঁদের হাতেই রয়েছে বলে দাবি করল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। বৃহস্পতিবার দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকের পর বিরোধী দলনেতা স্পষ্ট জানিয়ে দেন, দলের নাম বা প্রতীক নিয়ে তাঁদের কোনও দাবি নেই। তাঁর কথায়, "অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমরাই।"
এদিন প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চের সঙ্গে দেখা করেন ঋতব্রত শিবিরের ১০ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধিদের মধ্যে ছিলেন ৯ জন বিধায়ক এবং ১ জন প্রাক্তন মন্ত্রী। বৈঠক শেষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেন, দলের দুই-তৃতীয়াংশ বিধায়ক, একাধিক প্রাক্তন মন্ত্রী, কাউন্সিলর এবং জেলা পরিষদের সদস্য তাঁদের সঙ্গেই রয়েছেন। তাই দলের প্রকৃত প্রতিনিধিত্ব নিয়ে কোনও বিতর্ক থাকার কথা নয়। ঋতব্রত জানান, গত ২২ জুন তাঁদের ডাকা বিশেষ প্রতিনিধি সম্মেলনে অরূপ রায়কে চেয়ারপার্সন এবং আখরুজ্জামানকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে। সেই সিদ্ধান্তের নথিও ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবারের বৈঠকে সেই বিষয়েই কমিশনকে বিস্তারিত জানানো হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে এখানেই উঠছে একাধিক প্রশ্ন। যদি তাঁদের দাবি অনুযায়ী তাঁরাই 'আসল তৃণমূল' হন এবং দলের নাম বা প্রতীক নিয়ে কোনও বিরোধ না থাকে, তাহলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার প্রয়োজন কেন? বৈঠকে ঠিক কী দাবি জানানো হয়েছে, সে বিষয়ে ঋতব্রত স্পষ্টভাবে কিছু না বললেও তিনি জানান, কমিশন তাঁদের বক্তব্য শুনেছে এবং বিষয়টি খতিয়ে দেখে দ্রুত যোগাযোগ করার আশ্বাস দিয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, দলের প্রতীক ও তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে কালীঘাট শিবিরের সঙ্গে চলা টানাপোড়েনের জেরেই কমিশনের দ্বারস্থ হয়েছে ঋতব্রত শিবির। বিশেষ করে নতুন কোষাধ্যক্ষ আখরুজ্জামানের হাতে দলের তহবিলের দায়িত্ব তুলে দেওয়ার বিষয়টিই তাঁদের অন্যতম প্রধান দাবি হতে পারে বলে জল্পনা রাজনৈতিক মহলে।

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন