পুরুলিয়া: সরকারি প্রকল্পের টাকা তছরুপের অভিযোগ উঠল খোদ তৃণমূলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে। অন্নপূর্ণা যোজনার আড়ালে দীর্ঘদিনের কারচুপির অভিযোগে শনিবার রাতে পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়কে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করল পুঞ্চা থানার পুলিশ। নেতার পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে তাঁর ভাইপো তথা পুঞ্চা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কৃপাসিন্ধু বন্দ্যোপাধ্যায়কেও। এই ঘটনায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।
ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার রাতে। বিডিও কার্যালয় বন্ধ হয়ে যাওয়ার পর অনুমতি ছাড়া সেখানকার অতিথি আবাসে অনুপ্রবেশের অভিযোগে ইতিমধ্যেই ব্যাপক তোলপাড় শুরু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই তদন্তের মোড় ঘুরে যায় অন্নপূর্ণা যোজনায় আর্থিক জালিয়াতির দিকে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে, সরকারি এই প্রকল্পকে হাতিয়ার করে এক বিশাল দুর্নীতির জাল বিছানো হয়েছিল, যার নেপথ্যে কলকাঠি নাড়ছিলেন সুজয় বন্দ্যোপাধ্যায় নিজেই। পুঞ্চা থানার পুলিশের অভিযানে মঙ্গলবার রাতে কৃপাসিন্ধু বন্দ্যোপাধ্যায়, চরণপাহাড়ি দাস সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও, পরবর্তীতে জামিন পেয়ে যান তাঁরা। কিন্তু সেই জামিন পাওয়ার কয়েকদিনের মধ্যেই তদন্তে নতুন মোড় নেয়। পুলিশের হাতে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
শনিবার রাতে ফের নতুন ধারায় মামলা রুজু করে সুজয় বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় পুলিশ। টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় তাঁকে। সেই সঙ্গে আগের মামলার সূত্র ধরে ফের গ্রেপ্তার করা হয়েছে তাঁর ভাইপো কৃপাসিন্ধু বন্দ্যোপাধ্যায় ও চরণপাহাড়ি দাসকে। রবিবার সকালে পুলিশি নিরাপত্তায় তাদের জেলা আদালতে পেশ করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়েও সরকারি প্রকল্পের কারচুপি প্রসঙ্গে কার্যত নীরবই থেকেছেন সুজয়বাবু। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে পরাজিত হওয়া এই নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় দলের অন্দরেও অস্বস্তি বেড়েছে। পুলিশ সূত্রে খবর, সরকারি প্রকল্পের টাকা কীভাবে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হতো, তা জানতে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার আবেদন জানানো হতে পারে। একদিকে বিডিও অফিসে অনুপ্রবেশের অভিযোগ, অন্যদিকে সরকারি প্রকল্পে ব্যাপক জালিয়াতি—সব মিলিয়ে পুরুলিয়ার রাজনৈতিক আঙিনায় এখন চরম অস্থিরতা।
হিডেন স্টোরিজ নিউজ

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন