দীর্ঘ চার বছর পর ফের করোনাভাইরাসে মৃত্যুর খবর সামনে এল অন্ধ্রপ্রদেশে। রাজ্যের কডপা জেলায় কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে নতুন করে আরও চার জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এই ঘটনায় নড়েচড়ে বসেছে স্থানীয় স্বাস্থ্য দফতর।
স্বাস্থ্য আধিকারিকদের তথ্য অনুযায়ী, কডপা ভাইরোলজি ল্যাবরেটরিতে আরটি-পিসিআর পরীক্ষায় চার জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে তিন জনের উপসর্গ অত্যন্ত মৃদু হওয়ায় তাঁদের হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, এক জনের শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‘পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা বেহাল’—সরকারকে তোপ অধীর চৌধুরীর
জানা গিয়েছে, আক্রান্তরা সকলেই করোনার দুই ডোজ টিকা নিয়েছিলেন। তাঁদের মধ্যে একজন বুস্টার ডোজও নিয়েছিলেন। তবুও তাঁরা ‘ব্রেকথ্রু ইনফেকশন’-এর শিকার হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। এদিকে, মৃত দুই ব্যক্তির শরীরে আগে থেকেই একাধিক জটিল রোগ ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। মৃতদের মধ্যে এক জনের বয়স ৬০ বছর। তিনি ভেলোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং পরে তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। অন্য জনের বয়স ৪৩ বছর। তিনিও করোনা আক্রান্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মারা যান।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অতিমারির সময়ের তুলনায় বর্তমানে করোনার সংক্রমণ অনেকটাই মৃদু। তবে ডায়াবিটিস, হৃদরোগ, কিডনি বা ফুসফুসের রোগ, ক্যান্সার কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা ব্যক্তিদের জন্য এই ভাইরাস এখনও ঝুঁকিপূর্ণ। তবে আপাতত আতঙ্কের কোনও কারণ নেই বলেই জানিয়েছে অন্ধ্রপ্রদেশ স্বাস্থ্য দফতর। আধিকারিকদের দাবি, এখনও পর্যন্ত বড় ধরনের গোষ্ঠী সংক্রমণের কোনও প্রমাণ মেলেনি। তবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনবহুল এলাকায় মাস্ক ব্যবহার, নিয়মিত হাত পরিষ্কার রাখা এবং বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার, ১১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন