পুরুলিয়া: ছাব্বিশের বিধানসভা ভোটে বাংলায় ক্ষমতা বদলের পর থেকেই রাজ্যজুড়ে একের পর এক নাটকীয় মোড়। এবার সোশাল মিডিয়ায় লাগাতার উসকানিমূলক ভিডিও পোস্ট এবং তফশিলি জাতিভুক্ত এক যুবককে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে পুরুলিয়ায় গ্রেপ্তার করা হলো এক জনপ্রিয় ইনফ্লুয়েন্সারকে। সোমবার রাতে পুরুলিয়া থানার পুলিশের হাতে ধৃত ওই ইনফ্লুয়েন্সারের নাম তুষার অবস্থি। তবে শুধু তিনিই নন, এই একই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে জেলা তৃণমূলের যুব সভাপতি গৌরব সিংকেও। আজ, মঙ্গলবার দু’জনকেই পুরুলিয়া আদালতে পেশ করার সময় আদালত চত্বরে চরম উত্তেজনা ছড়ায় এবং তাঁদের লক্ষ্য করে ‘চোর’ স্লোগানও ওঠে।
অভিযোগ, তুষার অবস্থি সামাজিক মাধ্যমে ‘পাশে আছি পুরুলিয়া’ নামে একটি জনপ্রিয় ফেসবুক পেজ চালান। অতীতে বজরং দলের সদস্য থাকলেও, ২০১৮ সাল থেকে তিনি তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হয়ে ওঠেন এবং দলের পক্ষে লাগাতার প্রচার চালাতে থাকেন। জেলা তৃণমূলের যুব সভাপতি গৌরব সিংয়ের সঙ্গে হাত মিলিয়ে তুষার সোশাল মিডিয়ায় বিভিন্ন উসকানিমূলক পোস্ট ও ভিডিও আপলোড করতেন বলে অভিযোগ। বিশেষ করে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়কে টার্গেট করে নানা অবান্তর পোস্ট করা হতো তাঁর পেজ থেকে। এমনকি, পুরুলিয়া শহরে তারকা সাংসদ দেবের একটি অনুষ্ঠানের পাস দেওয়ার দায়িত্ব পেয়েও তুষার নিজের পেজের ফলোয়ারদের অগ্রাধিকার দিতে নানা বিতর্কিত শর্ত চাপিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। ছাব্বিশের বিধানসভা ভোটের ফলপ্রকাশের আগে পর্যন্ত তৃণমূলের পক্ষে দাঁত-নখ বের করে প্রচার করলেও, রাজ্যে ক্ষমতা হস্তান্তরের পরেই ভোল বদলে অন্য রকম পোস্ট করতে শুরু করেন এই ইনফ্লুয়েন্সার। কিন্তু তাতেও শেষরক্ষা হলো না।
ধৃত তুষারের বিরুদ্ধে ইতিমধ্যেই সাইবার অপরাধের বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এর পাশাপাশি তুষার ও গৌরব—দুজনের বিরুদ্ধেই এসসি/এসটি অ্যাট্রোসিটি (তফশিলি জাতি ও উপজাতি নির্যাতন প্রতিরোধ) আইনেও মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, বিগত ২০২১, ২০২২ এবং সদ্য সমাপ্ত ২০২৬ সালের নির্বাচনেও পুরুলিয়া শহরের মুনসেফডাঙার একটি বুথে বাউড়ি সম্প্রদায়ের এক যুবককে লাগাতার মারধর ও হুমকি দিয়েছিলেন তাঁরা। এই একই মামলায় নতুন করে নাম জড়িয়েছে জেলা পরিষদের ধৃত সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়েরও, যাঁর পুলিশ হেফাজতের মেয়াদ শেষে আজই আদালতে তোলার কথা। এই গ্রেপ্তারির প্রসঙ্গে ধৃত যুব সভাপতি গৌরবের দাবি, “তৃণমূল করলে এখন মামলা হবেই।” অন্যদিকে আইনি ধারা নিয়ে সুজয় বন্দ্যোপাধ্যায় জানান যে পুলিশই এই বিষয়ে বলতে পারবে। এই হাইপ্রোফাইল গ্রেপ্তারির ঘটনায় বর্তমানে পুরুলিয়ার রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
হিডেন স্টোরিজ নিউজ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন