হাওড়া মেট্রো স্টেশনে রুটিন তল্লাশির সময় এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হল সাড়ে ৬ কেজি ওজনের একাধিক রুপোর বার। উদ্ধার হওয়া রুপোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লক্ষ টাকা। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে হাওড়া মেট্রো স্টেশনে ঘটে এই ঘটনা। আরপিএফ সূত্রে খবর, দুপুর ১টা ৩ মিনিট নাগাদ এক যাত্রী স্টেশনে এসে তাঁর হ্যান্ডব্যাগটি লাগেজ স্ক্যানারে রাখেন। স্ক্যানিংয়ের সময় কর্তব্যরত আরপিএফ কর্মীদের নজরে আসে ব্যাগের ভিতরে সন্দেহজনক কিছু রয়েছে। এরপরই ওই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন জওয়ানরা। ব্যাগ খুলতেই বেরিয়ে আসে সাড়ে ৬ কেজি ওজনের একাধিক রুপোর বার। উদ্ধার হওয়া রুপোর বাজারমূল্য প্রায় ১৩ লক্ষ ৮৮ হাজার টাকা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
আরপিএফের দাবি, ওই ব্যক্তি উদ্ধার হওয়া রুপোর কোনও বৈধ নথি দেখাতে পারেননি। এরপরই গোলাবাড়ি থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং উদ্ধার হওয়া রুপোর বারগুলি বাজেয়াপ্ত করে। এই বিপুল পরিমাণ রুপো কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পিছনে কোনও পাচারচক্র বা অন্য কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা। এছাড়া, এর আগেও মেট্রো স্টেশনকে ব্যবহার করে একইভাবে মূল্যবান ধাতু পাচারের চেষ্টা হয়েছে কি না, সেই দিকটিও খতিয়ে দেখছে পুলিশ।
বিষয় : CrimeNews Howrah Metro Silver Recovery

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন