মোবাইলে নেই ইন্টারনেট? নেই কোনও নেটওয়ার্ক? তবুও করা যাবে ডিজিটাল পেমেন্ট। এমনই নতুন সুবিধা আনতে চলেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। NFC প্রযুক্তির সাহায্যে ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্ক ছাড়াই UPI পেমেন্টের ব্যবস্থা চালুর প্রস্তুতি চলছে। এই পরিষেবা চালু হলে বিমানযাত্রার সময়, মেট্রোর টানেলের ভিতরে বা দুর্বল নেটওয়ার্কযুক্ত এলাকাতেও সহজেই টাকা পাঠানো বা পেমেন্ট করা সম্ভব হবে।
নতুন এই ব্যবস্থায় ব্যবহারকারীদের আগে থেকেই UPI Lite ওয়ালেটে টাকা ভরে রাখতে হবে। এরপর ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্ক না থাকলেও সেই ব্যালান্স ব্যবহার করে পেমেন্ট করা যাবে। তবে এর জন্য প্রয়োজন হবে NFC সাপোর্ট করা স্মার্টফোন। দোকানের PoS মেশিনের কাছে ফোন নিয়ে গেলেই NFC প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন হবে লেনদেন। NFC বা Near Field Communication হল এমন একটি ওয়্যারলেস প্রযুক্তি, যার মাধ্যমে খুব অল্প দূরত্বের মধ্যে থাকা দুটি ডিভাইসের মধ্যে তথ্য আদান-প্রদান করা যায়।
বর্তমানে অনেক স্মার্টফোনেই এই প্রযুক্তি রয়েছে। NPCI-এর নতুন উদ্যোগে এই প্রযুক্তিকেই ব্যবহার করে ইন্টারনেট ছাড়াই ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা করা হবে। এই পরিষেবার ক্ষেত্রে UPI Lite গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এটি মূলত একটি অন-ডিভাইস ডিজিটাল ওয়ালেট, যেখানে আগে থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা লোড করে রাখা যায়। পরে প্রয়োজন অনুযায়ী সেই টাকা ব্যবহার করে পেমেন্ট করা সম্ভব হয়। ফলে অফলাইন পরিস্থিতিতেও লেনদেন চালিয়ে যাওয়া যাবে।
মমতার বাড়ির সামনে বাইক মিছিল, উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান
জানা গিয়েছে, প্রাথমিকভাবে অফলাইন UPI লেনদেনের সীমা ২ হাজার টাকা পর্যন্ত হতে পারে। ছোট অঙ্কের পেমেন্টের ক্ষেত্রে UPI PIN দেওয়ার প্রয়োজন নাও হতে পারে। তবে পরিষেবাটি চালু হওয়ার পর NPCI-এর তরফে চূড়ান্ত নিয়ম ও সীমা জানানো হবে। বর্তমানে ‘*99#’ এবং ‘UPI 123Pay’ -এর মাধ্যমে অফলাইন UPI পরিষেবা পাওয়া যায়। তবে সেক্ষেত্রে মোবাইল নেটওয়ার্ক থাকা প্রয়োজন। NPCI-এর নতুন NFC-ভিত্তিক ব্যবস্থায় সেই বাধাও থাকবে না। তবে পরিষেবাটি কবে থেকে সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু হবে, তা এখনও জানানো হয়নি।
বিষয় : digitalindia cashlessindia upitransaction NCPI

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন