কলকাতা: ঋতব্রত তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একের পর এক তোপে বিদ্ধ করছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তবে এবার আর মুখে মুখে জবাব নয়, সরাসরি আইনি চাল চাললেন ডায়মন্ড হারবারের সাংসদ। লাইভ ভিডিওতে ‘ক্রিমিনাল’ ও ‘খুনি’ বলে মানহানিকর মন্তব্য করায় মদন মিত্রের বিরুদ্ধে চরম পদক্ষেপ নিয়ে ১০ কোটি টাকার আইনি নোটিস ধরালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে আগামী ৩ দিনের মধ্যে লিখিত ও ভিডিও বার্তা দিয়ে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কড়া হুঙ্কার দেওয়া হয়েছে ওই নোটিসে।
অভিষেকের আইনজীবীর পাঠানো এই আইনি চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, গত ১৯ জুলাই ফেসবুকে লাইভে এসে মদন মিত্র সম্পূর্ণ ভিত্তিহীন ও অপমানজনক মন্তব্য করেছেন। এর ফলে রাজনৈতিক ও সামাজিকভাবে অত্যন্ত কালিমালিপ্ত হয়েছে ডায়মন্ড হারবারের সাংসদের ভাবমূর্তি। ক্ষতিপূরণ হিসেবে মদন মিত্রকে যে ১০ কোটি টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তা একটি বিশেষ ট্রাস্টে জমা করা হবে। সেই অর্থ অন্যায়ভাবে আইনি জালে জড়ানো তৃণমূল নেতা-কর্মীদের সাহায্যার্থে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। নির্দেশ না মানলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ১৯ জুলাইয়ের সেই চর্চিত ফেসবুক লাইভে কার্যত রণংদেহি মেজাজে ধরা দিয়েছিলেন মদন মিত্র। অভিষেককে সরাসরি নিশানা করে তিনি বিস্ফোরক অভিযোগ তুলে বলেছিলেন, তিনি একজন ক্রিমিনাল এবং পয়সা দিয়ে মানুষ খুন করান। এখানেই না থেমে নিজের জীবনের হুমকির কথা তুলে ধরে মদন চড়া সুরে দাবি করেন, তাঁকে গুলি করে খুনের চেষ্টা করা হলেও তিনি কাউকে ভয় পান না। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে তিনি স্পষ্ট জানান, তাঁদের চমকানি-ধমকানিতে সিপিএম বা বিজেপি ভয় পেতে পারে, কিন্তু মদন মিত্র নয়। রাজনৈতিক তরজার এই চরম উত্তেজনার মাঝে এবার অভিষেকের এই ১০ কোটির আইনি নোটিস নতুন কী ঝড় তোলে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
হিডেন স্টোরিজ নিউজ

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন