বর্ধমান: বুধবার সাতসকালে ১৯ নম্বর জাতীয় সড়কে এক বড়সড় সড়ক দুর্ঘটনার হাত থেকে অলৌকিকভাবে রক্ষা পেলেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী মালতি টুডু। পূর্ব বর্ধমানের গলসির কাছে সারুল উড়ালপুলের ওপর একটি দ্রুতগামী বেপরোয়া ট্রাক প্রথমে একটি ভ্যানকে পিষে দিয়ে সরাসরি মন্ত্রীর গাড়িকে এসে সজোরে ধাক্কা মারে। চালকের উপস্থিত বুদ্ধিতে ব্রেক কষায় এক চরম বিপর্যয়ের হাত থেকে বেঁচে যান তাঁরা। তবে ঘটনার পরপরই আহত অবস্থায় পুলিশি পাহারায় তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
আহত মালতি টুডু জানান, বাঁকুড়া ফেরার পথেই ঘটে এই ভয়াবহ ঘটনা। ট্রাকটি যখন সজোরে এসে ধাক্কা মারে, তখন তাঁদের গাড়ির সামনে আর কোনো যানবাহন ছিল না। যদি সামনে অন্য কোনো গাড়ি দাঁড়িয়ে থাকত, তবে ভয়াবহ সংঘর্ষের মধ্যে পড়ে প্রাণহানির মতো বড় অঘটন ঘটে যেতে পারত। সংঘর্ষের তীব্রতায় মালতি দেবীর মাথায় ও বাঁ হাতে গুরুতর আঘাত লেগেছে, পাশাপাশি গাড়ির চালক মঙ্গল মুর্মুও হাতে বেশ চোট পেয়েছেন। খবর পেয়ে গলসি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যায়।
হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা দ্রুত তাঁদের প্রাথমিক চিকিৎসা শুরু করেন। পরিস্থিতি বিবেচনা করে মালতি দেবীর মাথার সিটি স্ক্যান এবং হাতের এক্স-রে সম্পন্ন করা হয়েছে, এখন রিপোর্টের অপেক্ষায় চিকিৎসকরা। বর্তমানে হাসপাতালে তাঁরা পর্যবেক্ষণে রয়েছেন। সাতসকালের এই চাঞ্চল্যকর দুর্ঘটনার খবর ছড়াতেই মন্ত্রী পরিবার ও রাজনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে, পুলিশ ইতিমধ্যে ঘাতক ট্রাকটির খোঁজে তদন্ত শুরু করেছে।
হিডেন স্টোরিজ নিউজ

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন