কলকাতা: নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারের প্রিমিয়াম বিলবোর্ড, দুবাইয়ের বুর্জ খলিফা কিংবা লন্ডনের পিকাডিলি লাইটস!
বিশ্বের বুক কাঁপানো সব আইকনিক ল্যান্ডমার্কে এবার দেখা যাবে বাংলার দুর্গাপুজোর মহিমান্বিত রূপ। শুধু বিদেশে বিজ্ঞাপন দেওয়া নয়, ইউনেস্কো স্বীকৃত বাংলার দুর্গাপুজোকে আন্তর্জাতিক স্তরে এক অনন্য সাংস্কৃতিক ও পর্যটন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে নজিরবিহীন পরিকল্পনা হাতে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। 'বিশ্ব জুড়ে বাঙালির আবেগ,দুর্গাপুজো গ্লোবাল কানেক্ট ২০২৬' শীর্ষক এই মেগা প্রচার কর্মসূচির জন্য সম্প্রতি রিকোয়েস্ট ফর প্রোপোজাল (RFP) প্রকাশ করেছে রাজ্যের পর্যটন দফতর।
গ্লোবাল ডিজিটাল ব্র্যান্ডিং ও ২০০ কোটি ভিউয়ের লক্ষ্যমাত্রা ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মিলিয়ে আন্তর্জাতিক স্তরে ২০০ কোটি ভিউ ও ইমপ্রেশনের বিশাল লক্ষ্যমাত্রা স্থির করেছে রাজ্য। এই পরিকল্পনা বাস্তবায়নে নামানো হচ্ছে প্রায় ২,৬০০ জন খ্যাতনামা ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটরকে। যাঁদের প্রত্যেকের অন্তত ১০ লক্ষ ফলোয়ার রয়েছে। তাঁদের একটি বড় অংশ হবেন ট্রাভেল, কালচার ও ফুড ব্লগার এবং ১৫ শতাংশ থাকবেন প্রবাসী বাঙালি ক্রিয়েটর। বিশ্বজুড়ে ২০টি আন্তর্জাতিক ডিজিটাল চ্যানেলে প্রচার চালিয়ে অন্তত ৫ কোটি মানুষের কাছে পৌঁছনোর রূপরেখা তৈরি করা হয়েছে।
বিদেশের মাটিতে নিউ ইয়র্ক, দুবাই, লন্ডন, সিডনি এবং জাপানের আন্তর্জাতিক বিমানবন্দরে চলবে বিশেষ ব্র্যান্ডিং। বিশ্বের ১০টি দেশের ২৫টি প্রবাসী বাঙালি সংগঠন এবং ভারতীয় দূতাবাসগুলিকে এই উদ্যোগে সামিল করা হচ্ছে। প্রবাসী পুজো কমিটিগুলির উৎসাহ বাড়াতে ঘোষণা করা হয়েছে ‘ইন্টারন্যাশনাল শারদ সম্মান’। প্রচারের সুবিধার জন্য স্থানীয় ভাষাতেই তৈরি হবে বিজ্ঞাপনী উপকরণ।
কলকাতার রাতের আকাশে ৩ হাজার ড্রোনের খেলা উৎসবের দিনগুলিতে তিলোত্তমার রূপ বদলে দিতে থাকছে অভিনব উপহার। মহালয়া এবং পুজোর আরও দুটি বিশেষ দিনে কলকাতার আকাশে দেখা যাবে নজরকাড়া ড্রোন শো। প্রায় ৩ হাজার আলোর ড্রোন একসাথে আকাশে উড়ে আলোকছটায় ফুটিয়ে তুলবে দুর্গাপুজোর নানা ঐতিহ্যবাহী ও পৌরাণিক দৃশ্যপট। বিশেষ করে অষ্টমীর রাতে ধুনুচি নাচ, ঢাকের তাল এবং বিশেষ আলো ও সঙ্গীতের মেলবন্ধনে এক মায়াবী পরিবেশ তৈরি করা হবে।
বাংলা থেকে দেশজুড়ে প্রচারের বিপুল বহর রাজ্যের মধ্যে ১ হাজারটি বড় পুজো প্যান্ডেলে সরকারি ব্র্যান্ডিং থাকবে। কলকাতায় ২৫০টি হোর্ডিং, ৫০০টি বাস এবং ১ হাজার ট্যাক্সি ও অ্যাপ-ক্যাবে এই প্রচার চলবে। রাজ্যের পাশাপাশি দেশের ১০টি প্রধান বিমানবন্দর, ৫০টি গুরুত্বপূর্ণ রেলস্টেশন এবং বিভিন্ন শহরে ১৫০টি হোর্ডিং ও বাস শেল্টারে দুর্গাপুজোর প্রচার চালানো হবে।
গ্র্যান্ড কনসার্ট ও সাংস্কৃতিক সমাহার পুজো উপলক্ষে চার ঘণ্টার একটি 'গ্র্যান্ড দুর্গাপুজো কনসার্ট'-এর আয়োজন করছে পর্যটন দফতর। যেখানে ছৌ, ঝুমুর, বাউল, কীর্তন এবং রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি তুলে ধরা হবে হস্তশিল্প, তাঁত ও বাংলার রসনা।
প্রতিমা নির্মাণ থেকে আলো, থিম প্যান্ডেল থেকে বনেদি বাড়ির পুজো, সব মিলিয়ে বাঙালির আবহমান আবেগ ও সংস্কৃতিকে সারা বিশ্বের দরবারে পৌঁছে দিতে সম্পূর্ণ পেশাদার উপায়ে প্রস্তুত হচ্ছে নবান্ন।
হিডোন স্টোরিজ নিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন