কলকাতা: ভোটার তালিকায় নজিরবিহীন অসংগতি এবং লক্ষ লক্ষ নাম বাদ পড়ার প্রতিবাদে এবার সরাসরি রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ মার্চ, বুধবার দুপুর ২টোয় ধর্মতলায় অবস্থান বিক্ষোভ ও ধরনায় বসবেন তিনি। বহু প্রতীক্ষিত এসআইআর (SIR) তালিকা প্রকাশের পর যে ভয়াবহ চিত্র সামনে এসেছে, তাকে কেন্দ্র করেই তৃণমূল কংগ্রেসের এই প্রতিবাদী কর্মসূচি। অভিযোগ উঠেছে, সুপরিকল্পিতভাবে বাংলার প্রায় ১ কোটি ২০ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে।
রবিবার তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তালিকার চুলচেরা বিশ্লেষণ করে বিস্ফোরক দাবি করেন। তিনি জানান, নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত তালিকায় প্রায় ৬৩-৬৪ লক্ষ ভোটারের নাম সরাসরি বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে, প্রায় ৬০ লক্ষ ভোটারকে রাখা হয়েছে ‘বিচারাধীন’ বা পেন্ডিং ক্যাটেগরিতে। অভিষেকের প্রশ্ন, যে অমীমাংসিত কেসের সংখ্যা গত ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ছিল মাত্র ১৪ লক্ষ, তা কোন জাদুমন্ত্রে এক সপ্তাহের মধ্যে বেড়ে ৬০ লক্ষ হয়ে গেল? কার অঙ্গুলিহেলনে অতিরিক্ত ৪৬ লক্ষ মানুষকে এই অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হলো, তা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
তৃণমূলের অভিযোগ, বিজেপি নেতাদের আগে থেকে দেওয়া লক্ষ্যমাত্রা পূরণ করতেই রাতারাতি ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ ও ‘আনম্যাপড’ এর মতো নতুন বিভাগ তৈরি করে ভোটারদের হেনস্থা করা হচ্ছে। তালিকায় অসংগতির প্রমাণ দিতে গিয়ে অভিষেক জানান, রাজ্যের খোদ মুখ্য সচিব এবং মন্ত্রী শশী পাঁজার নামও বিচারাধীন তালিকায় রাখা হয়েছে। এমনকি নোবেলজয়ী অমর্ত্য সেন এবং ক্রিকেটার মহম্মদ সামির মতো বিশিষ্ট ব্যক্তিত্বদেরও হেয়ারিং নোটিস পাঠানো হয়েছে। ‘এক ডাকে অভিষেক’ হেল্পলাইনে আসা ফোন কল থেকে জানা গেছে, বহু জীবিত মানুষকেও ভোটার তালিকায় ‘মৃত’ হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। দলের দাবি, বিজেপিকে ভোট দেয়নি বলেই বাংলার সাধারণ মানুষের নাম তালিকা থেকে ছেঁটে ফেলা হচ্ছে। এই গণতান্ত্রিক অধিকার হরণ রুখতেই এবার সরাসরি ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ মার্চের ধরনা মঞ্চ থেকে তিনি নতুন কোনো বড় আন্দোলনের ডাক দেন কি না, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন