নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে ছাড়ছে না কোনো পক্ষই। এরই মধ্যে বীরভূমের সিউড়িতে এক অভাবনীয় ঘটনায় শোরগোল পড়ে গেল রাজনৈতিক মহলে। জেলা তৃণমূল কার্যালয়ের ভেতরে ঢুকে আয়েশ করে জওয়ানদের ক্যারাম খেলার ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। কর্তব্যে গাফিলতি ও নিরপেক্ষতা ভঙ্গের অভিযোগে ওই তিন জওয়ানকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হয়েছে।
ঘটনার সূত্রপাত সিউড়ির জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। সেখানে দেখা যায়, ডিউটি চলাকালীন রুটমার্চ ছেড়ে ঘাসফুল শিবিরের অফিসের ভেতরে বসে ক্যারাম খেলায় মত্ত তিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ভিডিওটি (যার সত্যতা যাচাই করেনি হিডেন স্টোরিজ নিউজ) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই আসরে নামে বিজেপি। সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় কড়া নিন্দা জানিয়ে বলেন:
"কেন্দ্রীয় বাহিনীর কাজ হলো সাধারণ ভোটারদের মনে সাহস জোগানো। তা না করে তাঁরা তৃণমূলের পার্টি অফিসে আতিথেয়তা নিচ্ছেন। আমরা এই নিয়ে কমিশনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি।"
জওয়ানদের তৃণমূল কার্যালয়ে উপস্থিতি নিয়ে বীরভূম জেলা তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় এক অদ্ভুত যুক্তি খাড়া করেছেন। তাঁর দাবি, "কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হয়তো ওই এলাকাকে সবচেয়ে বেশি নিরাপদ মনে করেছেন, তাই সেখানে একটু বিশ্রাম নিতে বা ক্যারাম খেলতে ঢুকেছিলেন।" তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডিউটিরত অবস্থায় শাসকদলের কার্যালয়ে জওয়ানদের এই উপস্থিতি সরাসরি নির্বাচনী বিধিভঙ্গ।
অভিযোগ পাওয়ার পরই বিন্দুমাত্র সময় নষ্ট করেনি কমিশন। ওই তিন জওয়ানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে মুর্শিদাবাদেও একটি অনুষ্ঠান বাড়িতে আতিথেয়তা গ্রহণ করায় সাত জওয়ানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছিল কমিশন। বীরভূমের এই ঘটনাপ্রবাহ স্পষ্ট করে দিল যে, নিরপেক্ষতা বজায় রাখতে কমিশন এবার কোনো রকম আপস করতে রাজি নয়।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন