কংগ্রেস নেতা পবন খেরার আগাম জামিনের আবেদনের প্রেক্ষিতে রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভুঁইয়ার দায়ের করা মানহানি মামলায় রক্ষাকবচ পেতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। গুয়াহাটি হাই কোর্টে জামিনের আর্জি খারিজ হওয়ার পর সুপ্রিম কোর্টে খেরার পক্ষে সওয়াল করেন প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি।
আদালতে সিংভি যুক্তি দেন যে, পবন খেরা একজন সুপরিচিত ব্যক্তিত্ব এবং তাঁর দেশ ছেড়ে পালানোর কোনো সম্ভাবনা নেই, তাই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন নেই। তদন্তে সবরকম সহযোগিতার আশ্বাস দিলেও গ্রেপ্তারি এড়াতে শীর্ষ আদালতের রায়ের দিকেই এখন তাকিয়ে রয়েছেন এই কংগ্রেস নেতা।
পবন খেরাকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত হয়েছিল তাঁর একটি বিস্ফোরক অভিযোগ ঘিরে। তিনি জনসমক্ষে দাবি করেছিলেন যে, অসমের মুখ্যমন্ত্রীর স্ত্রী রিনিকি ভুঁইয়ার একাধিক বিদেশি পাসপোর্ট এবং বিদেশে বিপুল সম্পত্তি রয়েছে। এই মন্তব্য ঘিরেই দেশজুড়ে রাজনৈতিক তরজা শুরু হয়। হিমন্ত বিশ্ব শর্মা এবং তাঁর স্ত্রী এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দেন।
এরপরই রিনিকি ভুঁইয়া কংগ্রেস নেতার বিরুদ্ধে মানহানির মামলা এবং এফআইআর দায়ের করেন। ইতিপূর্বে তেলেঙ্গানা হাই কোর্ট তাঁকে ট্রানজিট জামিন দিলেও সুপ্রিম কোর্ট তাতে স্থগিতাদেশ জারি করেছিল। বিতর্কিত মন্তব্যের জেরে আইনি জাঁতাকলে পড়া পবন খেরার ভবিষ্যৎ এখন সুপ্রিম কোর্টের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন