কলকাতা: ৩ মে, ২০২৬: ৪ মে সোমবার বাংলার ২৯৩টি আসনের ভাগ্যনির্ধারণ। তার আগেই গণনাকেন্দ্রের নিশ্ছিদ্র নিরাপত্তা এবং স্বচ্ছতা বজায় রাখতে কোমর বেঁধে নামল নির্বাচন কমিশন। শনিবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন জানিয়েছে, রাজ্য জুড়ে মোট ৪৩২ জন গণনা পর্যবেক্ষক (কাউন্টিং অবজার্ভার) নিয়োগ করা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, উত্তর ২৪ পরগনা জেলায় পর্যবেক্ষকের সংখ্যা সর্বাধিক। এই জেলার ৩৩টি আসনের জন্য মোট ৪৯ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। অন্যদিকে, তালিকার একেবারে নিচে রয়েছে আলিপুরদুয়ার, যেখানে ৫টি আসনের জন্য মাত্র ৬ জন পর্যবেক্ষক থাকছেন। উত্তর ২৪ পরগনার পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, যেখানে ৩১টি আসনের জন্য ৪৫ জন পর্যবেক্ষক থাকার কথা ছিল, যদিও ফলতা বিধানসভায় পুনর্নির্বাচনের কারণে সোমবার সেখানে ৩০টি আসনের গণনা হবে।
কমিশন সূত্রে খবর, গণনা প্রক্রিয়াকে ত্রুটিমুক্ত রাখতে ১৬৫ জন অতিরিক্ত পর্যবেক্ষককেও নিয়োগ করা হয়েছে। মূলত যে সমস্ত কেন্দ্রে একাধিক গণনাকক্ষ বা হল রয়েছে, সেখানেই এই অতিরিক্ত আধিকারিকরা মূল পর্যবেক্ষকদের কাজে সাহায্য করবেন। এছাড়া গণনাকেন্দ্রের বাইরের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন।
তবে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে, এই পুলিশ পর্যবেক্ষকরা কোনোভাবেই গণনাকক্ষের ভেতরে প্রবেশ করতে পারবেন না। কলকাতার ১১টি আসনের জন্য ১২ জন, মুর্শিদাবাদের ২২টি আসনের জন্য ৩৩ জন এবং হাওড়ায় ২৫ জন পর্যবেক্ষক নিয়োগ করে প্রতিটি বুথের হিসাব নির্ভুল রাখা নিশ্চিত করতে চাইছে কমিশন। উত্তেজনার পারদ চড়তে থাকা এই আবহে কমিশনের এই বিশাল বাহিনী নিয়োগ সুষ্ঠুভাবে ফলপ্রকাশের পথ প্রশস্ত করবে বলেই মনে করা হচ্ছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন