কলকাতা: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে রাজ্যজুড়ে প্রবেশ করল বহুকাঙ্ক্ষিত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। পুরুলিয়া ছাড়া আপাতত দক্ষিণবঙ্গের বাকি সমস্ত অংশেই বর্ষার আগমন ঘটে গিয়েছে এবং আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দুই-তিন দিনের মধ্যে পুরুলিয়াতেও পৌঁছে যাবে বর্ষার মেঘ।
তবে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য এখনই খুব একটা স্বস্তির খবর নেই। হাওয়া অফিস সাফ জানিয়েছে, দক্ষিণে এখনই কোনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, উল্টে কলকাতা-সহ বাকি জেলাগুলিতে ভ্যাপসা গরম ও অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। তবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির দাপট কিছুটা বেশি থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ঘর্মাক্ত পরিস্থিতি চলবে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তা রোজ হবে না বলেই পূর্বাভাস। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গ যখন চাতক পাখির মতো ভারী বৃষ্টির অপেক্ষায়, ঠিক তখনই উত্তরবঙ্গে কিন্তু বর্ষা রীতিমতো স্বমহিমায় ব্যাটিং শুরু করে দিয়েছে। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ইতিমধ্যেই মৌসুমি বায়ু পুরোদমে সক্রিয়। যার জেরে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে আগামী বৃহস্পতিবার পর্যন্ত একনাগাড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে আগামী মঙ্গলবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টির জন্য জারি করা হয়েছে বিশেষ সতর্কতা।
গোসাবার পুকুরে মিলল আগ্নেয়াস্ত্র, চাঞ্চল্য এলাকায়
পাহাড়ি জেলাগুলির পাশাপাশি দার্জিলিং থেকে শুরু করে মালদহ পর্যন্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আগামী ৪-৫ দিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির দাপট চলবে। এই সময়ে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। ফলে একদিকে যখন উত্তরবঙ্গ ভারী থেকে অতিভারী বৃষ্টির জেরে প্লাবনের আশঙ্কায় দিন গুনছে, অন্যদিকে তখন দক্ষিণবঙ্গ বর্ষার ছোঁয়া পেয়েও চড়া আর্দ্রতা আর ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন