বেড়াতে গিয়ে সন্ধ্যার আড্ডার সঙ্গে বারবিকিউ, এই অভিজ্ঞতা এখন ভ্রমণের অন্যতম আকর্ষণ। পরিবার হোক বা বন্ধুবান্ধব, খোলা আকাশের নীচে গ্রিল জ্বালিয়ে খাবার তৈরি করার মজাই আলাদা। কিন্তু মুহূর্তেই সামান্য অসতর্কতা ডেকে আনতে পারে ভয়াবহ বিপদ। সম্প্রতি সিটংয়ে মধুচন্দ্রিমায় যাওয়া এক নবদম্পতির ক্ষেত্রেও বারবিকিউয়ের আগুন ভয়ঙ্কর পরিণতি ডেকে এনেছে। আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন নববধূ।
তাই বেড়াতে গিয়ে বারবিকিউ করার পরিকল্পনা থাকলে আগে থেকেই কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরিঃ-
সবার আগে খেয়াল রাখুন জায়গাটি যেন একেবারেই বদ্ধ না হয়। গ্রিলটি দাহ্য বস্তু থেকে নিরাপদ দূরত্বে রাখুন এবং চারপাশে পর্যাপ্ত ফাঁকা জায়গা রাখাই ভালো।
বারবিকিউ করার জায়গায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে কিনা, সেটিও আগে দেখে নিন। গ্যাসচালিত গ্রিল হলে ব্যবহারের আগে গ্যাসের পাইপে কোনও ফাটল বা অন্য সমস্যা রয়েছে কিনা পরীক্ষা করে নিন।
মাটির উপর গ্রিলটি ভালোভাবে বসানো রয়েছে কিনা দেখে নিন, যাতে রান্নার সময় সেটি হঠাৎ উলটে না যায়। আগুন জ্বালানোর জন্য পেট্রল, কেরোসিন বা অন্য কোনও দাহ্য তরল ব্যবহার করা একেবারেই উচিত নয়।
বারবিকিউয়ের সময় খুব ঢিলেঢালা বা সহজে আগুন ধরে যেতে পারে এমন পোশাক এড়িয়ে চলুন।বিশেষ করে ওড়না, স্কার্ফ বা লম্বা ঢিলেঢালা পোশাক পরলে বাড়তি সতর্কতা প্রয়োজন।
শিশু এবং পোষ্যদের বিষয়েও সাবধানতা জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, বারবিকিউ শেষ হয়ে গেলেই দায়িত্ব শেষ নয়। আগুন এবং কয়লা পুরোপুরি নিভে গিয়েছে কিনা নিশ্চিত করে তারপর সেখান থেকে যান।
বিষয় : Accident barbeque fire

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন