দুর্গাপুর: শিল্পশহর দুর্গাপুরের গণপরিবহণ ব্যবস্থায় সূচনা হলো এক নতুন পরিবেশবান্ধব অধ্যায়ের। শহরবাসীকে ধোঁয়ামুক্ত ও মসৃণ যাত্রার অভিজ্ঞতা দিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা অর্থাৎ এসবিএসটিসি-র হাত ধরে এক সঙ্গে চালু হয়ে গেল পাঁচটি সর্বাধুনিক ইলেকট্রিক বাস। এর আগে দুর্গাপুরে পরীক্ষামূলকভাবে দু’টি ইলেকট্রিক মিনিবাস চালু করা হয়েছিল। এবার বড় আকারে সেই বহর বাড়িয়ে একলভে পাঁচটি পূর্ণাঙ্গ এসি ইলেকট্রিক বাস নামানো হলো রাস্তায়।
মঙ্গলবার সকালে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টার বাসস্ট্যান্ডে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই পাঁচটি পরিবেশবান্ধব বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর প্রণবকুমার ঘোষ। এ ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার দুই বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই ও চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। কর্তৃপক্ষের আশা, নতুন এই বিশ্বমানের বাসগুলি চালুর ফলে শিল্পাঞ্চলের বায়ুদূষণ যেমন উল্লেখযোগ্যভাবে কমবে, তেমনই যাত্রীরাও গ্রীষ্মের দিনে এসি বাসের ঠান্ডা আমেজে যাতায়াত করতে পারবেন।
দুর্গাপুরবাসীর মূল আকর্ষণ অবশ্যই এই নতুন বাসগুলির রুট নিয়ে। জানা গিয়েছে, বাসগুলি কেবল দুর্গাপুর শহরের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ রুটেই সীমাবদ্ধ থাকবে না, বরং দুর্গাপুর থেকে প্রতিবেশী শিল্পশহর আসানসোলের মধ্যেও নিয়মিত যাতায়াত করবে। এর ফলে প্রতিদিনের নিত্যযাত্রীদের যাতায়াত অনেকটাই সহজ ও আরামদায়ক হয়ে উঠবে। তবে এখানেই শেষ নয়, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা জানিয়েছে, আগামী দিনে দুর্গাপুর থেকে বর্ধমান পর্যন্ত এই ইলেকট্রিক বাস পরিষেবা সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।
যাত্রীদের সুরক্ষার পাশাপাশি স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই নতুন এই এসি বাসগুলি বিশেষভাবে তৈরি করা হয়েছে। তবে এসি বাস শুনেই অনেকে পকেটের চিন্তায় পড়লেও কর্তৃপক্ষ অভয় দিয়ে জানিয়েছে, সাধারণ মানুষের সামর্থ্য ও নাগালের মধ্যেই রাখা হবে এর ভাড়া। মূলত কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ক্লিন এয়ার প্রকল্পের অর্থে এই বাসগুলি কেনা হয়েছে। এ প্রসঙ্গে এসবিএসটিসি-র ম্যানেজিং ডিরেক্টর জানান, আগামী দিনে পরিবেশ রক্ষায় ও বায়ুদূষণ রুখতে রাজ্য সরকারের পক্ষ থেকে আরও বেশি সংখ্যায় এই ধরনের ই-বাস নামানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সব মিলিয়ে দুর্গাপুর ও আসানসোলের সাধারণ যাত্রীদের জন্য এটি অত্যন্ত স্বস্তিদায়ক খবর।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন