নয়াদিল্লি: আগামী বছর উত্তরপ্রদেশ-সহ দেশের পাঁচ রাজ্যের গুরুত্বপূর্ণ বিধানসভা ভোটকে সামনে রেখে সময় নষ্ট করতে নারাজ শাসকদল বিজেপি। বিশেষ করে হিন্দি বলয়ের রাজনৈতিক ভারসাম্য ধরে রাখতে এখন থেকেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কোণঠাসা করার কৌশল নিল পদ্মশিবির।
বিজয়া একাদশীর দিনেই দিল্লি থেকে কংগ্রেস এবং গোটা ‘ইন্ডি’ জোটকে এক বন্ধনীতে ফেলে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিরোধী দলনেতার ঘন ঘন বিদেশ সফর এবং ‘ভোটচুরি’র অভিযোগকে একযোগে নিশানা করে শাহের সাফ বার্তা, আগামী ৩০ বছরেও ভারতে ক্ষমতায় ফিরতে পারবে না কংগ্রেস।
বৃহস্পতিবার নিজের ৬২তম জন্মদিনে দূষণ জর্জরিত যমুনা নদী পরিষ্কারের লক্ষ্যে ৮,৯৪১ কোটি টাকার এক মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকেই রাহুল গান্ধীর ভিয়েতনাম সফরকে বিঁধে শাহ বলেন, “আমি জানি আপনি এখন আমার কথা শুনতে পাবেন না, কারণ আপনি বিদেশে কোথাও বসে আছেন। দিল্লির মাটিতে পা রাখার পর আমার কথাটা শুনবেন। জেনে রাখুন, আগামী ৩০ বছরেও আপনি বা আপনার দল ক্ষমতায় আসতে পারবেন না।”
আন্দোলন চলাকালীন রাহুলের বিদেশে ছুটি কাটানো বা ‘সরকার ফেলার ষড়যন্ত্র’ করার বিজেপির অভিযোগকে উড়িয়ে দিয়ে কংগ্রেস যদিও একে একজন স্বাধীন নাগরিকের ব্যক্তিগত সফর বলেই দাবি করেছে।
ভোটচুরি ও বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদ কর্মসূচির কড়া জবাব দিয়ে শাহ জানান, লাগাতার পরাজয়ের গ্লানি ঢাকতেই বিরোধীরা কারচুপির ভুয়ো অজুহাত তুলছে। তাঁর কথায়, “আমি যখন বলি বিজেপি আগামী ৩০ বছর ক্ষমতায় থাকবে, তখন বিরোধীরা প্রশ্ন তোলে আমি কী করে জানলাম? আসলে আমি এই দেশের মানুষের মাঝে বাস করি। আমাকে প্রতি ৬ মাস অন্তর ছুটি কাটাতে বিদেশে ছুটতে হয় না।”
অনুপ্রবেশকারীদের রক্ষা করতেই কংগ্রেস এসআইআরের বিরোধিতা করছে বলেও অভিযোগ তোলেন তিনি। এর পাশাপাশি বাংলায় ৫৪ বছর, অরুণাচলে ১২ বছর এবং দিল্লিতে ১৮ বছর ধরে কংগ্রেসের রাজনৈতিক খরা ও লাগাতার নির্বাচনী বিপর্যয়ের পরিসংখ্যান তুলে ধরে রাহুলের পাশাপাশি আপ-সহ গোটা বিরোধী শিবিরকে আক্রমণ করেন তিনি।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন