কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য প্রশাসন ও নির্বাচন কমিশনের সংঘাত আরও তীব্র হল। পশ্চিমবঙ্গের ২৫ জন সিনিয়র অফিসারকে কেন্দ্রীয় পর্যবেক্ষক (অবজার্ভার) হিসাবে নিয়োগের সিদ্ধান্তে নবান্নের আপত্তি খারিজ করে দিল জাতীয় নির্বাচন কমিশন। তাদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, নির্ধারিত সূচি মেনেই ওই আধিকারিকদের দিল্লিতে প্রশিক্ষণে যোগ দিতে হবে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের কাজের জন্য বাংলার ১৫ জন আইএএস এবং ১০ জন আইপিএস অফিসারকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে বেছে নিয়েছে কমিশন। এই তালিকায় রাজ্যের স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মিনার নামও রয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছিল, ভোটের মুখে এতজন শীর্ষ আধিকারিককে ভিনরাজ্যে পাঠালে বাংলার আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক কাজ ব্যাহত হতে পারে। এই মর্মে ১৭ জন অফিসারকে অব্যাহতি দেওয়ার জন্য কমিশনের কাছে আবেদন জানিয়েছিল নবান্ন।
কিন্তু, বুধবার নবান্নের সেই আবেদন পত্রপাঠ খারিজ করে দেয় নির্বাচন কমিশন। তাদের স্পষ্ট নির্দেশ, আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি দিল্লিতে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের যে ব্রিফিং বা প্রশিক্ষণ শিবির রয়েছে, সেখানে ওই ২৫ জন আধিকারিককেই উপস্থিত থাকতে হবে। ভোটের কাজের জন্য যাঁদের নাম চূড়ান্ত করা হয়েছে, তাঁদের কাউকেই এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া সম্ভব নয়।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর সূত্রে খবর, কমিশনের এই অনড় অবস্থানের কথা নবান্নকে জানিয়ে দেওয়া হয়েছে। SIR (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে এমনিতেই রাজ্য ও কমিশনের মধ্যে টানাপোড়েন চলছে। তার মধ্যে আধিকারিকদের ভিনরাজ্যে পাঠানো নিয়ে এই নতুন সংঘাত নির্বাচনী আবহে বাড়তি মাত্রা যোগ করল। প্রশাসনিক মহলের মতে, কমিশনের এই কড়া অবস্থান রাজ্যের উপর চাপ আরও বাড়িয়ে দিল।
বিষয় : SIR delhi IPS OFFICER

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন