তেহরান: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের দ্বিতীয় পুত্র মোজতবা খামেনেইকে নিয়ে তোলপাড় বিশ্ব রাজনীতি। গুঞ্জন শোনা যাচ্ছে, ৮৫ বছর বয়সে নিহত খামেনেইয়ের উত্তরসূরি হিসেবে তাঁর এই ছেলেই মসনদে বসতে চলেছেন। কিন্তু, এরই মাঝে মোজতবা খামেনেইয়ের বিপুল ব্যক্তিগত সম্পত্তির খতিয়ান সামনে আসতেই শুরু হয়েছে চরম বিতর্ক।
আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী, মোজতবা খামেনেইয়ের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ২৫ হাজার কোটি টাকারও বেশি)! অভিযোগ উঠেছে, এই বিশাল অর্থের সিংহভাগই রাখা আছে বিদেশের বিভিন্ন গোপন অ্যাকাউন্টে। বিশেষ করে সুইজারল্যান্ড, ব্রিটেন এবং দুবাইয়ের ব্যাঙ্কগুলিতে তাঁর কয়েক হাজার কোটি টাকা গচ্ছিত রয়েছে বলে জানা যাচ্ছে।
রিপোর্ট অনুযায়ী, মোজতবা শুধুমাত্র ইরানের ক্ষমতার অলিন্দেই প্রভাবশালী নন, বরং রিয়েল এস্টেট, তেলের ব্যবসা এবং আমদানির মতো একাধিক লাভজনক ব্যবসায় তাঁর পরোক্ষ বিনিয়োগ রয়েছে। যদিও ইরানের সাধারণ মানুষ যখন চরম আর্থিক সঙ্ককটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন, তখন শাসকের পরিবারের এমন বিলাসিতা এবং গোপন বিদেশি বিনিয়োগ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে একাধিক মানবাধিকার সংগঠন ও বিরোধী গোষ্ঠী।
সামরিক দিক থেকেও মোজতবা অত্যন্ত শক্তিশালী। ইরানের বিশেষ বাহিনী 'ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর' (IRGC)-এর উপর তাঁর ব্যাপক নিয়ন্ত্রণ রয়েছে বলে মনে করা হয়। খামেনেইয়ের উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয় হলেও, মোজতবার এই বিপুল প্রতিপত্তি এবং আন্তর্জাতিক বিনিয়োগের তথ্য প্রকাশ পাওয়ায় ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলেও মনে করা হচ্ছে।
পশ্চিমী দেশগুলি এবং ইজরায়েলের সঙ্গে ইরানের বর্তমান উত্তেজনার আবহে মোজতবা খামেনেইয়ের এই সম্পত্তির হদিশ পাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকরা। এখন দেখার, এই দুর্নীতির অভিযোগ তাঁর আগামীর রাজনৈতিক পথ কতটা মসৃণ বা কন্টকময় করে তোলে!
বিষয় : #Middle East war #Khamenei #Tehran

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন