করোনা আবহের সেই পরিচিত লকডাউন কি তবে আবার ফিরে আসছে? কেরল সরকারের সাম্প্রতিক এক নির্দেশিকা ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। তবে এবার কোনও মারণ ভাইরাস নয়, বরং প্রাণঘাতী তাপপ্রবাহের হাত থেকে রাজ্যবাসীকে বাঁচাতে এই অভিনব ‘সেল্ফ লকডাউন’-এর ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, কেরলের পালাক্কড়, কোল্লাম ও ত্রিশূরের মতো একাধিক জেলায় তাপমাত্রা ইতিমধ্যেই ৪০ ডিগ্রি সেলসিয়াস পার করে গিয়েছে। বাতাসে অত্যধিক আপেক্ষিক আর্দ্রতা থাকায় ভ্যাপসা গরমে জনজীবন ওষ্ঠাগত। এই পরিস্থিতিতে সানস্ট্রোক ও মারাত্মক শারীরিক অসুস্থতা এড়াতে মুখ্যমন্ত্রী সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত সাধারণ মানুষকে ঘরে থাকার বা স্বেচ্ছায় লকডাউনে থাকার পরামর্শ দিয়েছেন।
মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, এই সময়টিতে সূর্যের প্রখর তেজ ও লু-র দাপট সবথেকে বেশি থাকে, যা সাধারণ মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে। বিশেষত যারা বাইরে কাজ করেন বা মাঠেঘাটে থাকেন, তাঁদের কথা ভেবেই এই কড়া সতর্কতা। সরকারের পক্ষ থেকে এই গরমে সমস্ত ধরনের জনসভা, খেলাধুলা, কুচকাওয়াজ এমনকি বাজি ফাটানোও নিষিদ্ধ করা হয়েছে, যাতে আগুনের ঝুঁকি ও শারীরিক ক্লান্তি কমানো যায়। পাশাপাশি বেসরকারি অফিস ও সংস্থাগুলিকেও কাজের সময় পরিবর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে। পিনারাই বিজয়ন সাধারণ মানুষকে সতর্ক করে বলেছেন, যদি কেউ হিটস্ট্রোকের কোনও উপসর্গ অনুভব করেন, তবে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রোদে দীর্ঘক্ষণ থাকলে মৃত্যুর ঝুঁকিও তৈরি হতে পারে, তাই অযথা বাইরে বেরোনো বন্ধ করাই এখন শ্রেয়। সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে কেরল প্রশাসনের এই ‘গৃহবন্দি’ থাকার আর্জি বর্তমানে দেশের অন্যান্য প্রান্তেও আলোচনার কেন্দ্রবিন্দুতে।
বিষয় : kerala heatstroke selflockdown southindiaheat

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন