কলকাতা: দক্ষিণ কলকাতার বাইপাস সংলগ্ন এলাকায় প্রবীণ বামনেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাসভবনে হামলার ঘটনায় রাজনৈতিক জলঘোলা চরমে উঠেছে। পূর্বালোক এলাকার ওই বাড়িতে পরিকল্পিত হামলার অভিযোগ ওঠার পর ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের জালে ধরা পড়েছে এক দুষ্কৃতী। ধৃতকে শুক্রবার আদালতে পেশ করার কথা রয়েছে। অন্যদিকে, এই ঘটনার পেছনে 'হিন্দুত্ববাদী গুণ্ডারা' জড়িত বলে বিকাশবাবু সরব হতেই পরিস্থিতি উল্টো মোড় নেয়। তাঁর এই মন্তব্যের জেরে উল্টে বামনেতার বিরুদ্ধেই জোড়া এফআইআর দায়ের করেছে হিন্দুত্ববাদী সংগঠন।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে। অভিযোগ, ইএম বাইপাস সংলগ্ন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে হঠাৎই বাইকে চেপে হাজির হয় একদল মুখ ঢাকা যুবক। দুষ্কৃতীদের বাইকের নম্বর প্লেটও কালো কাপড়ে ঢাকা ছিল, যাতে কাউকেই সহজে চিহ্নিত করা না যায়। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, হঠাৎ করেই বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি ইট ছুড়তে শুরু করে দুষ্কৃতীরা। তার হানায় নিমেষের মধ্যে ভেঙে গুঁড়িয়ে যায় জানলার কাচ। গোটা ঘটনাটিকে পরিকল্পিত ষড়যন্ত্র আখ্যা দিয়ে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন প্রবীণ এই আইনজীবী। তিনি দাবি করেন, এই আক্রমণের নেপথ্যে রয়েছে হিন্দুত্ববাদী শক্তি।
সেই মন্তব্যের পরই জল গড়ায় অন্যদিকে। সামাজিক মাধ্যমে ধর্মীয় বা রাজনৈতিক বিতর্ক উসকে দেওয়ার অভিযোগে তপসিয়া ও গড়ফা—এই দুটি পৃথক থানায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নামে পাল্টা এফআইআর দায়ের করে হিন্দুত্ববাদী সংগঠন। তবে হামলার তদন্তে নেমে পুলিশ হাত গুটিয়ে বসে থাকেনি। ঘটনার সিসিটিভি ফুটেজ ও অন্যান্য সূত্র ধরে অভিযান চালিয়ে দ্রুত বাপ্পা গুছাইত নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। নরেন্দ্রপুরের সাহা কালীতলা এলাকার বাসিন্দা ধৃত ওই যুবকের একটি ছবি প্রকাশ্যে আসতেই নতুন বিতর্ক ছড়িয়েছে, যেখানে তাঁর গলায় শাসকদলের উত্তরীয় দেখা যাচ্ছে।
ধৃত ব্যক্তি প্রত্যক্ষভাবে তৃণমূল কর্মী নাকি রাজ নৈতিক দলবদলের কোনো সমীকরণ রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করলেই হামলা চালানোর প্রকৃত উদ্দেশ্য এবং নেপথ্যে মূল নির্দেশদাতা কে বা কারা ছিল, তা স্পষ্ট হবে। রাজনৈতিক চাপানউতোরের মাঝে বাইপাস এলাকার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন