কলকাতা: সপ্তাহের শুরুতেই সাতসকালে চরম শোরগোল রাজনৈতিক মহলে। ফের কেন্দ্রীয় এজেন্সির নিশানায় রাজ্যের শাসকদলের প্রভাবশালী নেতা। এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর স্ক্যানারে খোদ তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক। সোমবার ভোরের আলো ফুটতেই একযোগে কলকাতা, দিল্লি এবং রাঁচীর একাধিক ঠিকানায় শুরু হয়েছে ম্যারাথন তল্লাশি অভিযান। সাংসদের বাড়ি, অফিস সহ মোট আটটি ঠিকানায় একযোগে হানা দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এই মেগা অভিযানের খবর চাউর হতেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, দিল্লির সাউথ অ্যাভিনিউয়ে নাদিমুলের যে বাংলোটি রয়েছে, সেটি বর্তমান সময়ে তৃণমূলের (কালীঘাট শিবির) অত্যন্ত গুরুত্বপূর্ণ দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার হচ্ছিল। কয়েকমাস আগেই ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের বাংলো থেকে কালীঘাট শিবিরের অফিস সরিয়ে এনে চালু করা হয়েছিল নাদিমুলের এই বাসভবনে। ফলে সেখানে কেন্দ্রীয় গোয়েন্দাদের আচমকা প্রবেশ গোটা ঘটনায় বাড়তি মাত্রা যোগ করেছে। জানা যাচ্ছে, দিল্লিতে সাংসদের বাড়ি ও অফিস মিলিয়ে মোট চারটি জায়গায় একযোগে তল্লাশি চলছে। এর পাশাপাশি ঝাড়খণ্ডের রাঁচীতেও সক্রিয় তদন্তকারী অফিসারেরা।
কলকাতাতেও সকাল থেকে টানটান উত্তেজনা। পার্ক সার্কাসের দরগা রোড সংলগ্ন একটি ঠিকানা সহ শহরের আরও দুটি গুরুত্বপূর্ণ জায়গায় চিরুনি তল্লাশি শুরু করেছেন ইডির আধিকারিকেরা। সূত্রের খবর, নাদিমুল হক যুক্ত রয়েছেন এমন একটি বহুভাষিক উর্দু সংবাদপত্রের দফতরকে ঘিরেই মূলত এই তৎপরতা। পার্ক সার্কাসের ওই ঠিকানায় সংবাদপত্রের অফিস রয়েছে, যার বাইরে টাঙানো হোর্ডিং অনুযায়ী কলকাতা, দিল্লি, রাঁচী সহ দেশের মোট আটটি শহর থেকে এই দৈনিক প্রকাশিত হয়। গত আগস্ট মাসেই এই সংবাদপত্রের বিরুদ্ধে মোটা অঙ্কের আর্থিক তছরুপ ও অনিয়মের একটি গুরুতর অভিযোগ দায়ের হয়েছিল। তবে এটি কোনও পুরনো আর্থিক দুর্নীতি নাকি একেবারে নতুন কোনও চক্রের হদিস—তা নিয়ে এখনও মুখ খোলেননি গোয়েন্দারা। দিনভর তল্লাশিতে কী উদ্ধার হয়, সেদিকেই এখন নজর গোটা রাজনৈতিক শিবিরের।
হিডেন স্টোরিজ নিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন