মধ্যপ্রদেশঃ কুনো জাতীয় উদ্যানে ফের সুখবর। একসঙ্গে পাঁচ চিতা শাবকের জন্ম হল সেখানে। ফলে ভারতে চিতার সংখ্যা বেড়ে দাঁড়াল ৬০। তার মধ্যে ৪১টি চিতার জন্ম হয়েছে ভারতেই।এই জন্মকে গুরুত্বপূর্ণ ‘প্রজেক্ট চিতা’-র জন্য সাফল্য হিসেবেই দেখা হচ্ছে।
সোমবার কুনোতে পাঁচটি সুস্থ শাবকের জন্ম দিয়েছে কেজেপি২১ নামে ৩২ মাস বয়সি একটি মাদী চিতা। পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, মুখী এবং কেজিপি১২-র পর কেজেপি২১ হল ভারতে জন্ম নেওয়া তৃতীয় মাদী চিতা, যে এই দেশে শাবকের জন্ম দিল। এই পাঁচ শাবকের জন্মের সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে রয়েছে। তাদের মা ভারতে জন্মালেও বাবা বোতসোয়ানা থেকে ভারতে আনা একটি পুরুষ চিতা। ফলে এই শাবকদের হাত ধরে ভারতীয় মাটিতে প্রথমবার বোতসোয়ানা-লাইনেজের সূচনা হল।
কুনোয় চিতা প্রজননের এই ধারাবাহিকতা ‘প্রজেক্ট চিতা’-র অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্যকে সামনে আনছে। ২০২২ সালে নামিবিয়া থেকে প্রথম দফায় ভারতে চিতা আনা হয়েছিল। পরবর্তী সময়ে দক্ষিণ আফ্রিকা ও বোতসোয়ানা থেকেও চিতা এসেছে। বিদেশ থেকে চিতা এনে সংরক্ষণের পাশাপাশি এই দেশে তাদের বংশবিস্তার করানোও যে সম্ভব হচ্ছে, সাম্প্রতিক ঘটনাগুলি তারই ইঙ্গিত দিচ্ছে। সেপ্টেম্বরেও ভারতে জন্ম নেওয়া একটি মাদী চিতা চারটি শাবকের জন্ম দিয়েছিল। পাঁচ নতুন শাবকের জন্মে স্বাভাবিকভাবেই খুশি পরিবেশ ও বন দফতর সহ ‘প্রজেক্ট চিতা’-র সঙ্গে যুক্ত দলগুলি। এই ঘটনাকে ভারতের চিতা সংরক্ষণে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন ভূপেন্দ্র যাদবও।
বিষয় : Madhya Pradesh Cheetah

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন