কলকাতা: দুর্গাপুজোর প্রাক্কালে বিজ্ঞাপনের ভুলত্রুটি যেন কিছুতেই পিছু ছাড়ছে না। এর আগে দশভুজার বদলে অন্য ছবির প্রকাশ নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর তা দ্রুত সংশোধন করা হয়েছিল। কিন্তু এবার উৎসবের মরসুমে কলকাতা পুরসভার একটি নতুন বিজ্ঞাপনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চরম শোরগোল। বাংলা এবং হিন্দি ভাষার মেলবন্ধনে তৈরি হওয়া এক অদ্ভুত বাক্যবন্ধ নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। ভাষার এই ‘গুরুচণ্ডালি দোষ’ দেখে রীতিমতো গর্জে উঠেছেন শাসক দলেরই মমতাপন্থী নেতা তথা বিধায়ক কুণাল ঘোষ। সমালোচনার ঝড় উঠতেই বাধ্য হয়ে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া পোস্টটি মুছে ফেলেছে পুর কর্তৃপক্ষ।
পুরমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই শহরের পরিচ্ছন্নতা এবং জঞ্জালমুক্ত পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ জোর দিয়েছেন অগ্নিমিত্রা পাল। খোদ মন্ত্রীকে রাস্তায় নেমে সাফাই অভিযানে অংশ নিতে দেখা গিয়েছে। এই একই বার্তা শহরবাসীর কাছে পৌঁছে দিতে এবং মহালয়া থেকে দশমী অর্থাৎ ১০ থেকে ২১ অক্টোবর পর্যন্ত পুজোয় শহরকে পরিষ্কার রাখতে একটি বিশেষ বিজ্ঞাপন প্রকাশ করেছিল কলকাতা পুরসভা। কিন্তু সেই বিজ্ঞাপনে ব্যবহৃত বাক্যটি নিয়েই বাধে যত বিপত্তি। বিজ্ঞাপনের শিরোনাম বা বয়ানে লেখা হয়— ‘মায়ের করব স্বচ্ছতা সে স্বাগত’। বাংলা ও হিন্দি শব্দের এমন জগাখিচুড়ি বা মিশ্রণ দেখে হতবাক হয়ে যান সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনেরাও।
এই অসঙ্গতি ও ভাষাগত বিকৃতি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। নিজের এক্স হ্যান্ডেলে বিজ্ঞাপনের স্ক্রিনশট শেয়ার করে তিনি কড়া ভাষায় লেখেন, “এটা কী? এটা কি বাংলা? আপনারা মজা করছেন???” তাঁর অভিযোগ, জেনেশুনে বা অবহেলা করে বাংলায় এই ধরনের অপসংস্কৃতি চাপানোর অপচেষ্টা করা হচ্ছে। কীভাবে বাংলার মতো সমৃদ্ধ ভাষাকে ভাঙচুর করা যায়, তা এই বিজ্ঞাপনে স্পষ্ট। অবিলম্বে পোস্টটি ডিলিট করার দাবি জানিয়ে তিনি তোপ দাগেন যে, কলকাতা পুরসভার হাল এতটাই খারাপ হয়েছে যে এখন তারা শুদ্ধ বাংলাটাও লিখতে ভুলে গেছে।
যদিও বিতর্ক দানা বাঁধতেই জেরে পড়ে কড়া পদক্ষেপ নেয় পুর কর্তৃপক্ষ। সমালোচনার মুখে দ্রুত সেই পোস্টটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সম্পূর্ণ সরিয়ে নেওয়া হয়। তবুও পুজোর মুখে এই প্রশাসনিক হোঁচট এবং ভাষার ভুল নিয়ে রাজনৈতিক ও নাগরিক মহলে সমালোচনার পারদ চড়তে শুরু করেছে।

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন