আগামী ১০ অক্টোবর মহালয়া। তারপরই পুজোর আবহে মাতবে বঙ্গবাসী। বৃষ্টির জেরে শহরের একাধিক রাস্তার অবস্থা বেহাল। যানজট থেকে শুরু করে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। পুজোর সময় শহরের রাস্তায় বাড়বে মানুষের ভিড় এবং যান চলাচলও। এরই মধ্যে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই কলকাতার বেহাল রাস্তা সারিয়ে তোলার কাজে জোর দিয়েছে কলকাতা পুরসভা। মহালয়ার আগেই শহরের গুরুত্বপূর্ণ রাস্তা চলাচলের উপযোগী করে তোলাই এখন পুরসভার অন্যতম বড় লক্ষ্য। ইতিমধ্যেই রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়েছে।
মহালয়াকে ঘিরে কলকাতায় বিশেষ আয়োজনও রয়েছে। ১০ অক্টোবর ইডেন গার্ডেন্সে শারদোৎসবের সূচনা অনুষ্ঠানের বড়ো পরিকল্পনা করা হয়েছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই অনুষ্ঠানে যোগ দিয়ে একাধিক পুজোর উদ্বোধন করবেন। ফলে মহালয়ার আগেই শহরের রাস্তা, যান চলাচল এবং সামগ্রিক পরিকাঠামো প্রস্তুত রাখার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। কলকাতা পুলিশের তরফেও ক্ষতিগ্রস্ত রাস্তার তালিকা পুরসভাকে দেওয়া হয়েছে। সেই তালিকা ধরে গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে দ্রুত মেরামতির কাজ শুরু করেছে পুরসভার সড়ক বিভাগ। নবান্ন সূত্রে খবর, গ্রামীণ এলাকার রাস্তা সংস্কার ও সম্প্রসারণের জন্য পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ থেকে ৮০০ কোটি টাকা ব্যয় করা হবে। এর সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকেও একই খাতে আরও ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে চিংড়িঘাটা ও ইএম বাইপাস সংলগ্ন অংশে। চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের হেদুয়া, রাজা নবকৃষ্ণ স্ট্রিট, বিডন স্ট্রিট থেকে গিরিশ পার্কের দিকের অংশেও মেরামতির কাজ হয়েছে। পাশাপাশি মানিকতলা মেন রোড, লালবাজার স্ট্রিট, বি বি গাঙ্গুলি স্ট্রিট, বি বি ডি বাগ, নেতাজি সুভাষ রোড এবং ফেয়ারলি প্লেসের মতো গুরুত্বপূর্ণ এলাকাতেও জোরকদমে কাজ চলছে।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন