দামি ফোন কেনার সঙ্গে সোনার গয়নার নেশা। সেই শখপূরণেই নিজের এক মাসের সন্তানকেই বিক্রি করার অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সম্ভাজিনগরে। তদন্তে নেমে শিশুপাচারের বড় চক্রের হদিস পেয়েছে পুলিশ। অভিযোগ, ১ লক্ষ ২০ হাজার টাকার বিনিময়ে সন্তানকে এক দালালের হাতে তুলে দিয়েছিলেন ওই দম্পতি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে সীমা রেশওয়াল নামে এক মহিলার কাছে শিশুটিকে বিক্রি করেন তার মা-বাবা। এরপর রেশওয়াল শিশুটিকে ২ লক্ষ ৭০ হাজার টাকার বিনিময়ে পড়েগাঁওয়ের বাসিন্দা সঙ্গীতা অওহড়ের কাছে বিক্রি করেন বলে অভিযোগ। এরপর শিশুটিকে নান্দেড়ের এক ব্যক্তির কাছে নিয়ে যান সঙ্গীতা। ওই ব্যক্তির নাম সুরেশ গুন্টুকা। সঙ্গীতার কাছ থেকে সাড়ে ৩ লক্ষ টাকার বিনিময়ে শিশুটিকে কিনে নেন গুন্টুকা।
এরপরও হাতবদলি থামেনি। অভিযোগ, গুন্টুকা শিশুটিকে সাড়ে ৩ লক্ষ টাকাতেই হায়দরাবাদের উমা খটকম নামে এক মহিলার কাছে বিক্রি করে দেন। পুলিশ তদন্ত শুরু করে শিশুটির মা-বাবাকে গ্রেফতার করেছে। এখনও পর্যন্ত মোট সাত জনকে গ্রেফতার করা হয়েছে । এখনও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে কি না, তা স্পষ্ট নয়। হায়দরাবাদের ঠিক কোথায় শিশুটিকে রাখা হয়েছে, তার সন্ধানে রয়েছেন তদন্তকারীরা।
বিষয় : Child Trafficking Maharashtra

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন