কলকাতা: উত্তর কলকাতার চোরবাগানে মণ্ডপ বিপর্যয়ের ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর এ কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, ঘটনায় আহত আরও ২৫ জন। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চোরবাগানের ঘটনা রাজ্যের উপরে গভীর শোক তৈরি করেছে। নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রীর আশ্বাস, সরকার সবসময় তাঁদের পাশে আছে। শুভেন্দু জানিয়েছেন আহত ২৫ জনের চিকিৎসার দায়িত্ব রাজ্যের। শহরের তিনটি হাসপাতালে যুদ্ধকালীন তৎপরতায় ওই ২৫ জনের চিকিৎসা চলছে। তাঁদের সুস্থ করাই এখন অগ্রাধিকার।
কীভাবে ঘটল দুর্ঘটনা? এই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রীর দাবি, পুজো কমিটির তরফে ওই সময়ে একটি অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল যা থেকে বিভ্রান্তি ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে তদন্তে ধরা পড়েছে। এই ঘটনায় ক্লাবের সদস্য সহ ওই জায়গায় থাকা কর্তব্যরত পুলিশ এবং বেসরকারি নিরাপত্তারক্ষীদের ইতিমধ্যেই থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাজ্যের সব পুজো কমিটিগুলির কাছে মুখ্যমন্ত্রীর আহ্বান, প্রতিটি মণ্ডপের ঢোকার এবং বেরোনোর যেন প্রশস্ত থাকে। এ ব্যাপারে পুলিশকে সহযোগিতা করতেও অনুরোধ করেছেন তিনি। কারণ তাঁর অভিযোগ, থিমের নামে অনেক মণ্ডপই ভিতরে আলো নিভিয়ে দিচ্ছে। এটা কোনওভাবেই চলবে না বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু মনে করেন থিমের চেয়ে মানুষের জীবনের দাম অনেক বেশি।
চোরবাগানের ঘটনার পর ইতিমধ্যেই এলাকা ঘিরে রেখেছে রাজ্য পুলিশের এসটিএফ ও ফরেন্সিক টিম। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ফরেন্সিক না হওয়া পর্যন্ত ওই এলাকায় যেন বাইরে থেকে কেউ না আসে। তাঁর আশঙ্কা উৎসাহী জনতা ও সংবাদমাধ্যম ওখানে গিয়ে কাজ করলে প্রমাণ নষ্ট হয়ে যেতে পারে। তাই তিনি সমাজের সব স্তরের কাছে অনুরোধ করেছেন, আপাতত চোরবাগানের ঘটনাস্থলকে এড়িয়ে চলার।
এই পরিস্থিতিতে রবিবার তাঁর প্রস্তাবিত সমস্ত কর্মসূচি বাতিল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার বেলুড় মঠ সহ কলকাতা ও হাওড়ার একাধিক পুজোয় যাওয়ার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার এই ঘটনার পরেই এক্স হ্যান্ডেলে অমিত শাহ জানিয়েছেন, উত্তর কলকাতার চোরবাগানে যা ঘটেছে, তা অত্যন্ত বেদনাদায়ক। তাই তিনি রবিবারের সব কর্মসূচি বাতিল করেছেন।
চোরবাগানের ঘটনায় মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “কলকাতার চোরবাগানের মণ্ডপের দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। পুজোর উৎসবের মধ্যে এই ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে।” চোরবাগানের ঘটনায় ইতিমধ্যে কেন্দ্রের তরফে নিহতদের পরিবারকে দু’লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন