নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে যেন আরও এক ধাপ নামল নারী নিরাপত্তার পারদ।
মন্দিরে পুজো দিয়ে পাশে পার্কে গিয়ে বসাই কাল হলো এক কিশোরীর। পুলিশের পরিচয় দিয়ে, পিস্তল উঁচিয়ে ১৭ বছরের ওই নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির ব্যস্ত কালকাজি ও ইসকন মন্দির সংলগ্ন একটি পার্কে। মঙ্গলবার ভোরে ঘটনার মূল অভিযুক্তকে এনকাউন্টারের পর গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। গুলির লড়াইয়ে অভিযুক্তের পায়ে গুলি লেগেছে বলে খবর।
পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় কালকাজি মন্দিরে পুজো দিতে গিয়েছিল দিল্লির বাসিন্দা ওই কিশোরী। সঙ্গে ছিল তার এক নাবালক বন্ধু। সন্ধ্যা সাতটা নাগাদ পুজো শেষে মন্দিরের ঠিক পাশেই কালকাজি ও ইসকন সংযোগকারী একটি পার্কে গিয়ে বসে তারা। অভিযোগ, সাড়ে সাতটা নাগাদ তাঁদের সামনে এসে দাঁড়ায় ২৫ থেকে ৩০ বছর বয়সি তিন যুবক। নিজেদের দিল্লি পুলিশের কর্মী বলে দাবি করে তারা। কিশোরী ও তার বন্ধুকে আইনি ঝামেলা ও গ্রেফতারের ভয় দেখাতে শুরু করে দুষ্কৃতীরা।
অভিযোগ, কিশোরীর বন্ধুকে আটকে রেখে, তার সামনেই এক অভিযুক্ত আগ্নেয়াস্ত্র উঁচিয়ে প্রাণনাশের হুমকি দেয়। এর পর ওই কিশোরীকে পার্কের একটু দূরে নিয়ে গিয়ে দফায় দফায় গণধর্ষণ করে ওই তিন যুবক। ঘণ্টাখানেক ধরে চলে এই নির্যাতন। লোকলজ্জা ও প্রাণভয়ে কাঁপতে থাকা কিশোর-কিশোরী পার্ক থেকে বেরিয়ে রাত পৌনে ৯টা নাগাদ পুলিশে খবর দেয়। খবর পেয়েই অকুস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। নিগৃহীতাকে উদ্ধার করে অবিলম্বে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়। জবানবন্দির ভিত্তিতে পকসো (POCSO) আইনে মামলা রুজু করেছে পুলিশ।
তদন্তে নেমে পার্কের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করেন তদন্তকারীরা। মূল অভিযুক্ত আসিফের অবস্থান জানতে পেরে মঙ্গলবার ভোরে অমর কলোনি এলাকায় অভিযান চালায় পুলিশ। আসিফকে ঘেরাও করা হলে সে পুলিশকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায়। পাল্টা জবাবে পুলিশের গুলিতে আসিফ আহত হলে তাকে গ্রেফতার করা হয়। ওখলা মান্ডির কর্মী আসিফ আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।
উল্লেখ্য, গত ১০ দিনের মধ্যে দিল্লিতে এই নিয়ে চার-চারটি নাবালিকা নিগ্রহের ঘটনা ঘটল। স্বরূপ নগরে ১৭ বছরের কিশোরীকে গণধর্ষণের পর খুন কিংবা সদর বাজারে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নির্যাতনের স্মৃতি এখনও টাটকা। তার মধ্যেই খোদ মন্দিরের পাশে এমন নির্মম অপরাধ রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতিকে এক তীব্র প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন