নয়াদিল্লি: দিল্লি বিমানবন্দরে নামতেই বড়সড় নাটক। বিমান থেকে নামার সুযোগই পেলেন না ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিষ্ঠাতা তথা আহ্বায়ক অভিজিৎ দীপকে এবং তাঁর দলের শীর্ষ নেতারা। শনিবার সকালে মুম্বই থেকে আসা একটি বিমান দিল্লি বিমানবন্দরে অবতরণ করার সঙ্গে সঙ্গেই তাতে চড়াও হয় পুলিশ। ওই বিমানে অভিজিতের সঙ্গেই ছিলেন সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। বিমান থেকেই তাঁদের জোর করে আটক করা হয় বলে অভিযোগ। এমনকি বাকি যাত্রীদেরও দীর্ঘক্ষণ সিটে বসিয়ে রাখা হয়।
বিমানবন্দরে নামার ঠিক আগের মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রাম ‘লাইভ’ করেন অভিজিৎ দীপকে ও তাঁর সঙ্গীরা। সেই লাইভ ভিডিওতেই স্পষ্ট দেখা যায়, প্লেনের ভেতরেই পুলিশের সঙ্গে তাঁদের তুমুল কথা কাটাকাটি চলছে। গ্রেফতার হওয়াই যে তাঁদের গন্তব্য, তা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন অভিজিৎ। সকাল ১০টা ১৯ মিনিট নাগাদ বিমানটি নামার পর মহিলা পুলিশকর্মীসহ বিশাল বাহিনী পুরো বিমানটি ঘিরে ফেলে এবং তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।
এই ঘটনার পরেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সিজেপি। দলের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির নেতৃত্বকে আটকাতেই এই পূর্বপরিকল্পিত পদক্ষেপ করেছে দিল্লি পুলিশ। সাধারণ মানুষের স্বাধীনভাবে চলাফেরার মৌলিক অধিকারের ওপর এই হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে তারা। অবিলম্বে অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কার নিঃশর্ত মুক্তির দাবি তোলা হয়েছে।
এর আগে শনিবার সকালেই গুরুগ্রামের বাসা থেকে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকেও আটক করেছিল পুলিশ। সব মিলিয়ে যন্তর মন্তরের প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লি ও তার আশেপাশের এলাকায় ধরপাকড়ের মাত্রা চরমে পৌঁছেছে। সিজেপির দাবি, রাত থেকে শুরু করে এখনও পর্যন্ত পাঁচশতাধিক মানুষকে আটক করা হয়েছে। এমনকি, দলের আইনি সহায়তাকারী আইনজীবী রত্না সিংহকেও সকালে আটক করা হয়েছে, যখন তিনি আইনজীবীদের প্রতিবাদ মিছিলে যোগ দিতে যাচ্ছিলেন। রাজধানীর চারদিকে নজিরবিহীন কড়াকড়ি আর প্রশাসনের সাঁড়াশি অভিযানে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।
বিষয় : CJP Protest abhijit dipke Dhruv Rathee

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন