পান মশলার বিজ্ঞাপনকে ঘিরে বিতর্কে এবার আদালতের রায়েও স্বস্তি পেলেন না বলিউডের তিন তারকা। শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফের বিরুদ্ধে মহারাষ্ট্র সরকারের পাঠানো নোটিশ নিয়ে আইনি লড়াই শুরু হয়েছিল। সেই নোটিশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে গিয়েছিল সংশ্লিষ্ট সংস্থা। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। ফলে এই আইনি লড়াই আপাতত এগোচ্ছে না।
বিতর্কের কেন্দ্রে রয়েছে ‘বিমল ইলাইচি’-র একটি বিজ্ঞাপন, যেখানে শাহরুখ, অজয় এবং টাইগারকে একসঙ্গে দেখা গিয়েছিল। অভিযোগ, এলাচের প্রচারের আড়ালে আসলে পান মশলার বিজ্ঞাপনই করা হচ্ছে। এই ধরনের প্রচারকে ‘সারোগেট অ্যাডভার্টাইজিং’ বা পরোক্ষ বিজ্ঞাপন হিসেবে দেখা হয়। এই অভিযোগের ভিত্তিতেই মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা FDA তিন অভিনেতাকে শো-কজ নোটিশ পাঠায়। এরপর আইনি পথে যায় ‘বিমল ইলাইচি’-র মূল সংস্থা পিবি এগ্রো (PB Agro)। সংস্থার দাবি ছিল, তাদের প্রধান কার্যালয় দিল্লিতে। বিজ্ঞাপনের পরিকল্পনা থেকে শুরু করে অভিনেতাদের পারিশ্রমিক দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজও দিল্লি থেকেই হয়েছে। নোটিশটি অভিনেতাদের উদ্দেশ্যে পাঠানো হলেও এর প্রভাব তাদের ব্যবসার উপর পড়ছে।
তবে এই যুক্তি মানেনি দিল্লি হাইকোর্ট। বিচারপতি স্বর্ণ কান্তা শর্মার বেঞ্চ জানিয়েছে, মহারাষ্ট্রের এফডিএ (FDA)-র নোটিশকে চ্যালেঞ্জ করতে হলে মহারাষ্ট্রের আদালতেই যেতে হবে। আদালত আরও জানিয়েছে, পিবি এগ্রো-কে সরাসরি বিজ্ঞাপন বন্ধ, নথি জমা দেওয়ার কোনও নির্দেশ দেওয়া হয়নি। তাই দিল্লিতে মামলা করার যথেষ্ট ভিত্তি দেখাতে পারেনি সংস্থাটি। কেন্দ্র এবং সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটিও (CCPA) PB Agro-র আবেদনের বিরোধিতা করে। তাদের বক্তব্য, মহারাষ্ট্রের সরকারি সংস্থার পদক্ষেপের বিরুদ্ধে দিল্লিতে মামলা করা যায় না। সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি জানিয়েছে, বিজ্ঞাপনটি তারা আলাদাভাবে খতিয়ে দেখছে। তবে FDA-র নোটিশ নিয়ে তাদের কোনও আপত্তি নেই।
বিষয় : Delhi High Court Bollywood

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন