ফেডারেশন সক্রিয় নেই, ফলে টলিপাড়ার কাজকর্ম ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শুটিংয়ের সময়সীমা পেরিয়ে কাজ করানো, অতিরিক্ত সময়ের টাকা না পাওয়া, পেমেন্ট আটকে থাকা কিংবা রাত পর্যন্ত শুটিং এরকম নানা অভিযোগ উঠে আসছিল। এবার এইসব অভিযোগ দ্রুত সমাধানের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হল। স্থায়ী ফেডারেশন গঠন না হওয়া পর্যন্ত সিনেমা-ওটিটি এবং টেলিভিশন, এই দুই ক্ষেত্রের জন্য আলাদা অ্যাপেক্স কমিটি কাজ করবে।
১৯ সেপ্টেম্বর নন্দনের কনফারেন্স হলে একটি বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন শিল্পী, প্রযোজক, টেকনিশিয়ান-সহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা। আলোচনার মাধ্যমেই একটি অন্তর্বর্তীকালীন অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা নিয়ে আসা হয়। সেই ভাবনা থেকেই তৈরি হয়েছে দুটি অ্যাপেক্স কমিটি। একটি কমিটি সিনেমা ও ওটিটি সংক্রান্ত বিষয় দেখবে, অন্যটি থাকবে টেলিভিশন ইন্ডাস্ট্রির জন্য। কাজের জায়গায় সমস্যা হলে তা শোনা এবং সমাধানের পথ খোঁজার দায়িত্ব থাকবে এই কমিটিগুলির। শিল্পের কাজের পরিবেশ আরও সুশৃঙ্খল রাখাও তাদের অন্যতম লক্ষ্য।
দৈনন্দিন কাজের ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট নিয়ম সামনে আনা হয়েছে। টেলিভিশনের ফিকশন বা সিরিয়ালের শুটিংয়ে কোনও ক্রু সদস্যকে মোট ১৪ ঘণ্টার বেশি কাজে করানো যাবে না। এই সময়ের হিসাব শুরু হবে তাঁর ইউনিট কল টাইম থেকে। নন-ফিকশন অনুষ্ঠানের ক্ষেত্রেও সর্বোচ্চ কর্মসময় ১৪ ঘণ্টা। নির্ধারিত সময়ের পরে কাজ চললে অতিরিক্ত প্রতিটি ঘণ্টার জন্য দৈনিক পারিশ্রমিকের হিসাব অনুযায়ী প্রো-রাটা হারে টাকা দিতে হবে।
রাতের শুটিং নিয়েও রয়েছে নির্দিষ্ট বিধি। সাধারণভাবে কাজ শেষ করার কথা রাত ১০টার মধ্যে। তবে বিশেষ পরিস্থিতিতে মাসে সাত দিন পর্যন্ত রাত ১০টার পর শুটিং চালানো যেতে পারে। কিন্তু সময় বাড়লেও মোট ডিউটি সীমা থাকবে ১৪ ঘণ্টাই। আউটডোর শুটিংয়ের ক্ষেত্রে রাত ১০টার প্যাক-আপের নিয়ম না থাকলেও ১৪ ঘণ্টার কর্মসীমা বহাল থাকবে। দুপুর ১.৩০ থেকে ২.৩০-র মধ্যে লাঞ্চ ব্রেক দেওয়ার কথা বলা হয়েছে।
পারিশ্রমিক মেটানোর ক্ষেত্রেও এবার সময়সীমা নির্দিষ্ট করা হয়েছে। কোনও মেন ইউনিটের সম্পূর্ণ লটের কাজ শেষ হলে সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট ক্রু সদস্যদের পাওনা মিটিয়ে দেওয়ার কথা। অতিরিক্ত টেকনিশিয়ানদের ক্ষেত্রে কাজ শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে পেমেন্ট করার নির্দেশ রয়েছে। প্রতি ১৫ দিনে টেকনিশিয়ান্স স্টুডিওর কনফারেন্স হলে কমিটির বৈঠক বসবে। তবে সম্পূর্ণ ব্যবস্থাই আপাতত অস্থায়ী। নতুন ফেডারেশন গঠিত হয়ে দায়িত্ব নেওয়ার পর সংশ্লিষ্ট সংগঠনগুলির সঙ্গে মউ এবং স্থায়ী নিয়মকানুন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিষয় : Tollywood Entertainment

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন