অমাবস্যা মানেই শুধু অন্ধকার নয়। শাক্তধর্মে অমাবস্যার রাতকে শক্তি আরাধনা ও সাধনার বিশেষ সময় হিসেবেও দেখা হয়। আর সেই অমাবস্যাগুলির মধ্যে কৌশিকী অমাবস্যার গুরুত্ব আলাদা। এই তিথিকে ঘিরে বাংলার বিভিন্ন প্রান্তে মা কালীর আরাধনা করা হয়। তবে বীরভূমের তারাপীঠে এর মাহাত্ম্য যেন অন্য মাত্রা পায়। প্রতি বছর কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তদের ঢল নামে।
২০২৬ সালে ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যা পালিত হবে। পঞ্জিকা অনুযায়ী, ওই দিন সকাল থেকেই অমাবস্যা তিথি শুরু হবে এবং পরদিন সকাল পর্যন্ত চলবে। তাই ১০ সেপ্টেম্বর রাতেই এই বিশেষ তিথির মূল ধর্মীয় আচার ও সাধনা সম্পন্ন হবে।
কৌশিকী অমাবস্যার নেপথ্যে কোন কাহিনি?
কৌশিকী অমাবস্যার নামের সঙ্গেই জড়িয়ে রয়েছে দেবী কৌশিকীর কাহিনি। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দেবী পার্বতীর শরীরের কোষ থেকে কৌশিকী দেবীর আবির্ভাব। দেবী মাহাত্ম্যের কাহিনিতে অশুভ শক্তির বিরুদ্ধে তাঁর যুদ্ধের উল্লেখ রয়েছে। সেই থেকেই কৌশিকীকে শক্তির এক বিশেষ রূপ হিসেবে মানা হয়। তবে বাংলায় কৌশিকী অমাবস্যার কথা উঠলেই যে নামটি বিশেষভাবে মনে আসে, তিনি সাধক বামাক্ষ্যাপা। তারাপীঠের মহাশ্মশানের সঙ্গে তাঁর সাধনজীবনের নানা কাহিনি জড়িয়ে রয়েছে। লোকবিশ্বাস অনুযায়ী, শ্বেত শিমূলতলার কাছে সাধনা করতে করতেই মা তারার কৃপা লাভ করেছিলেন তিনি। কথিত আছে, দেবী তাঁকে দর্শনও দিয়েছিলেন। এই বিশ্বাসের সঙ্গে কৌশিকী অমাবস্যার যোগ থাকায় তারাপীঠে এই রাতের গুরুত্ব আরও বেড়ে যায়।
তারাপীঠের সঙ্গে যোগ কোথায়?
মা তারার অন্যতম প্রধান তীর্থক্ষেত্র তারাপীঠ। মন্দিরের পাশের মহাশ্মশান বহুদিন ধরেই শাক্ত ও তন্ত্রসাধনার সঙ্গে যুক্ত। ফলে কৌশিকী অমাবস্যার মতো বিশেষ তিথিতে এই জায়গার ধর্মীয় আবহ আরও বেড়ে যায়। ভক্তদের বিশ্বাস, এই রাতে আন্তরিকভাবে মা তারার আরাধনা করলে তাঁর আশীর্বাদ পাওয়া যায়, জীবনের বাধা-বিপত্তি কাটে এবং মনের নানা আকাঙ্ক্ষা পূরণ হয়।
এই বিশ্বাস থেকেই কৌশিকী অমাবস্যায় দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসেন তারাপীঠে। কেউ আসেন শুধু মায়ের দর্শন ও পুজো দিতে, কেউ আবার সাধনার উদ্দেশ্যে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মহাশ্মশানেও বিশেষ ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সাধনার পরিবেশ তৈরি হয়। কৌশিকী অমাবস্যা তারাপীঠের কাছে শুধুমাত্র একটি ধর্মীয় তিথি নয়, বরং মা তারা, বামাক্ষ্যাপার সাধনস্মৃতি এবং বাংলার দীর্ঘ শাক্ত-তান্ত্রিক পরম্পরার সঙ্গে জড়িয়ে থাকা এক বিশেষ রাত।
বিষয় : Spiritual

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন