কলকাতা: ‘রামায়ণ’ নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে। রণবীর কাপুর, সাই পল্লবী যশ অভিনীত এই ছবির ঝলক থেকে নির্মাণ, সবকিছুই আলোচনার কেন্দ্রে। এরই মধ্যে নতুন করে চর্চায় উঠে এসেছে ছবির ডাবিং। একাধিক ভাষায় ছবি মুক্তির পরিকল্পনা ছিল। বিভিন্ন ভাষা ব্যবহারের জন্যই কি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্য নেওয়া হয়েছে? লস অ্যাঞ্জেলেসে ছবির প্রিমিয়ারে সেই প্রশ্নেরই জবাব দিলেন পরিচালক নীতেশ তিওয়ারি।
পরিচালক বলেন, ছবির ডাবিংয়ের জন্য এআই ব্যবহার করা হয়নি। বিভিন্ন ভাষায় ছবিটিকে দর্শকদের কাছে পৌঁছে দিতে পেশাদার কণ্ঠশিল্পীদেরই ব্যবহার করা হয়েছে। তবে ছবিতে যে প্রযুক্তির ব্যবহার একেবারেই নেই, এমন নয়। তা হলে কোন জায়গায় এআই-এর ব্যবহার করেছেন? পরিচালকের ব্যাখ্যা অনুযায়ী, সংলাপ বলার সময় অভিনেতাদের ঠোঁটের নড়াচড়ার সঙ্গে কথার সামঞ্জস্য বজায় রাখতেই এআইয়ের সাহায্য নেওয়া হয়েছে।
‘রামায়ণ’ সারা বিশ্বের দর্শকদের কাছে পৌঁছে দিতে চান পরিচালক। নীতেশ তিওয়ারি বলেন, “ডাবিংয়ে কোনও এআই ব্যবহার করা হয়নি। গলার আওয়াজ আসল শিল্পীদেরই। এআই শুধু ঠোঁটের নড়াচড়া ঠিক করার জন্য ব্যবহার করা হয়েছে।”
লস অ্যাঞ্জেলেসে ছবির প্রিমিয়ারে নীতেশ তিওয়ারির সঙ্গে উপস্থিত ছিলেন রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ। পৌরাণিক মহাকাব্য ‘রামায়ণ’-কে বড় পর্দায় তুলে ধরতে নির্মাতারা উন্নত ভিএফএক্স ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছেন। দুই পর্বে মুক্তি পাবে ছবিটি। প্রথম পর্বের মুক্তি নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। তবে মুক্তির তারিখ এখনও প্রকাশ্যে আনা হয়নি।
Leave a comment