25
October
2026
০৮ কার্তিক ১৪৩৩
রবিবার • হেমন্তকাল
সময় লোড হচ্ছে...
Home বিনোদন KIFF: কলকাতা চলচ্চিত্র উৎসবে চমক, উদ্বোধনে কঙ্গনা-রজনীকান্ত! আসছেন প্রভাসও?
বিনোদনকলকাতা

KIFF: কলকাতা চলচ্চিত্র উৎসবে চমক, উদ্বোধনে কঙ্গনা-রজনীকান্ত! আসছেন প্রভাসও?

Share
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে কী বললেন মিঠূন? সংগৃহীত ছবি।
Share

কলকাতা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার প্রথম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘিরে বাড়তি কৌতূহল। আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে চলচ্চিত্র উৎসব, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে কোন তারকা থাকবেন, তা ঘিরে তৈরি হয়েছে জল্পনা। এরই মাঝে সামনে এসেছে একাধিক নাম। মিঠুন চক্রবর্তীর ঘোষণায়, এবার চলচ্চিত্র উৎসবে আসতে পারেন রজনীকান্ত, প্রভাস ও অনুপম খের। পাশাপাশি কঙ্গনা রনৌত ও পরেশ রাওয়লের সঙ্গেও কথাবার্তা চলছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার কলকাতা চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি নিয়ে সরকারি কমিটির বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন  মিঠুন চক্রবর্তী, অগ্নিমিত্রা পাল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায় ও শর্বরী মুখোপাধ্যায়। বৈঠক শেষে মিঠুন জানান, ডিসেম্বরেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এখন থেকেই সব পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। চলচ্চিত্র উৎসবকে ঘিরে কলকাতার গুরুত্বপূর্ণ জায়গাগুলিকে সাজিয়ে তোলা হবে বলেও জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে কোন কোন তারকা উপস্থিত থাকবেন,  তা জানাতে গিয়ে তিনি বলেন, “এবার রজনীকান্ত, প্রভাস, অনুপম খের আসছেন। কথাবার্তা চলছে কঙ্গনা ও পরেশ রাওয়লের সঙ্গেও। বেশি ভিড় বাড়াতে চাই না। এতেই হয়ে যাবে। বিদেশের কয়েকজন তারকাকে আনারও চেষ্টা করছি।” 

মিঠুনের ইঙ্গিত, উদ্বোধন হবে সম্ভবত ভিক্টোরিয়া মেমোরিয়ালেই। এছাড়াও অনুষ্ঠানকে ঘিরে আরও কিছু চমক থাকছে বলেও জানিয়েছেন তিনি। গত বছর চলচ্চিত্র উৎসবে বলিউড থেকে উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিন্‌হা, সুজয় ঘোষ ও তিলোত্তমা সোম। তার আগের বছরগুলিতে উদ্বোধনী মঞ্চে দেখা গিয়েছে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান সহ একাধিক তারকাদের। এবারও তার ব্যতিক্রম হবে না। বলিউডের পাশাপাশি উপস্থিত থাকবেন দক্ষিণী চলচ্চিত্র জগতের তারকারাও। 

এবারের চলচ্চিত্র উৎসবের কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মুখ্য উপদেষ্টা হিসেবে রয়েছেন মিঠুন চক্রবর্তী। তাঁর নেতৃত্বেই উৎসবের পরিকল্পনা ও আয়োজনের কাজ এগোবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *