•
Home Top-News Indranil Sen: প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির পর তদন্তে নয়া মোড়! পুজো পাস দুর্নীতি কাণ্ডে এবার তলব মধুছন্দাকে
Top-Newsকলকাতা

Indranil Sen: প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির পর তদন্তে নয়া মোড়! পুজো পাস দুর্নীতি কাণ্ডে এবার তলব মধুছন্দাকে

Share
ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেন। ছবি: সংগৃহীত
Share

কলকাতা: পুজো পাস দুর্নীতি মামলায় পুলিশের জালে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। কিন্তু তাঁর গ্রেফতারির পর তদন্তে নয়া মোড়। এবার তাঁর স্ত্রী মধুছন্দা সেনকে তলব করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ভিআইপি পাস বিক্রিকে কেন্দ্র করে আর্থিক দুর্নীতির অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। সেই সূত্রেই মধুছন্দাকে লালবাজারে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। 

পুজোর ভিআইপি পাস সংক্রান্ত মামলায় গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন। বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে বেরনোর পরই তাঁকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে ১০ দিনের পুলিশি হেফাজতে রয়েছেন প্রাক্তন মন্ত্রী। এর পাশাপাশি সরকারি দফতরের অনুষ্ঠান ও বইমেলার টেন্ডার ঘিরেও আর্থিক অনিয়মের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

তদন্তকারীদের দাবি, এই মামলার সূত্রপাত ‘মাস আর্ট’ নামে একটি সংস্থাকে ঘিরে। অভিযোগ, ওই সংস্থার মাধ্যমে দুর্গাপুজোর প্রিভিউ শো এবং ভিআইপি পাস বিক্রি করে বিপুল পরিমাণ টাকা তছরুপ করা হয়েছে। গত জুন মাসে জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ট্রাভেল এজেন্ট বউবাজার থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর ভিত্তিতেই লালবাজারের গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করে।

পুলিশের অভিযোগ, ইউনেসকোর নাম ও পরিচিতি ব্যবহারের জন্য অনুমতি ছিল না ‘মাস আর্ট’-এর। পুজোর পাস বিক্রি এবং টেন্ডার সংক্রান্ত অনিয়ম মিলিয়ে দুর্নীতির অঙ্ক ১১৫ কোটি টাকা ছাড়িয়েছে। তদন্তকারীদের আরও দাবি, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত দুর্গাপুজোর ভিআইপি পাস বিক্রির ক্ষেত্রে ‘মাস আর্ট’-কে সামনে রেখে অন্তত ৩০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। ইন্দ্রনীলের স্ত্রী, মেয়ে এবং আত্মীয়দের নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে বলেও জানা গিয়েছে। এই লেনদেনের সঙ্গে কারা যুক্ত, টাকা কোথা থেকে এসেছে সবকিছুর তদন্তে নেমেছেন তদন্তকারীরা। 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *