•
Home Top-News অভিষেকের দুয়ারে বুলডোজ়ার, ফুটপাত থেকে সরল বাঁশের ছাউনি ও লোহার গেট
Top-Newsকলকাতা

অভিষেকের দুয়ারে বুলডোজ়ার, ফুটপাত থেকে সরল বাঁশের ছাউনি ও লোহার গেট

Share
কালীঘাটে চলল বুলজোজ়ার। নিজস্ব ছবি
Share

কলকাতা: রণহুঙ্কার এসেছিল ভাইফোঁটার আগের সন্ধ্যায়!

আর ভাইফোঁটার রাতেই সাফাই অভিযান। অবশেষে কালীঘাট রোডে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পৌঁছে গেল পুরসভার বুলডোজ়ার। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা পুরসভা এবং পুলিশের যৌথ অভিযানে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল সাংসদের বাড়ির সামনের ফুটপাতের উপর বাঁশ দিয়ে তৈরি অস্থায়ী ছাউনি। 

পাশাপাশি, ফুটপাত দখল করে সীমানা প্রাচীরের ফটকের বাইরে বসানো অতিরিক্ত লোহার গেটটিও গ্যাস কাটার দিয়ে কেটে সরিয়ে ফেলা হয়েছে। একই সঙ্গে সরিয়ে নেওয়া হয়েছে সেখানে থাকা পুলিশ কিয়স্কটিও। 

পুরসভার এই অভিযান ঘিরে সকাল থেকেই ১২১, কালীঘাট রোড এবং সংলগ্ন এলাকায় নজিরবিহীন নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছিল। মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। উপস্থিত ছিলেন পুরসভার উচ্চপদস্থ আধিকারিকেরাও।

ফুটপাত দখল করে অস্থায়ী কাঠামো নির্মাণ এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটানোর অভিযোগ ঘিরে গত কয়েক দিন ধরেই কালীঘাট চত্বরে রাজনৈতিক পারদ চড়ছিল। ঘটনার সূত্রপাত গত শুক্রবার মধ্যরাতে। 

সাংসদের জন্মদিন পালন ঘিরে সে দিন রাতে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছিল বাড়ির সামনে। সেই সময় পুলিশের সঙ্গে বচসাতেও জড়িয়েছিলেন অভিষেক স্বয়ং, যার রেশ গড়ায় শনিবার সকাল পর্যন্ত। অভিযোগ উঠেছিল, ওই অস্থায়ী ছাউনির নীচে প্রচুর মানুষের জমায়েত হচ্ছে। 

এর পরেই স্থানীয় বাসিন্দাদের একাংশ ফুটপাত আটকে তৈরি হওয়া বাঁশের শেড এবং অতিরিক্ত লোহার গেট নিয়ে প্রকাশ্যে সরব হন। পথচারীদের যাতায়াতে সমস্যার অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন।

বুধবার দুপুর থেকেই পরিস্থিতির নাটকীয় মোড় ঘুরতে শুরু করে। অভিষেক নিজের সমাজমাধ্যম হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করে অভিযোগ করেন, তাঁর বাড়ির সামনে গাড়ি নিয়ে নজরদারি চালাচ্ছে পুলিশ। 

এর পর বুধবার সন্ধ্যায় সাংসদের বাড়ির সামনে পৌঁছয় পুলিশবাহিনী। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি ছিল, ওই অস্থায়ী কাঠামো খোলার বিষয়ে কথা বলতেই পুলিশ এসেছিল। যদিও বুধবার সন্ধ্যা থেকেই অভিষেকের দফতরের কর্মী ও অনুগামীদের একাংশ নিজেরাই বাঁশের ছাউনিটি খোলার কাজ শুরু করেছিলেন।

এ প্রসঙ্গে কালীঘাট তৃণমূলের মুখপাত্র অর্ক নাগ বুধবার সন্ধ্যায় জানিয়েছিলেন, অভিষেক যখন ‘জ়েড প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন, তখন রাজ্যের ডিরেক্টরেট অব সিকিউরিটির তরফেই পুলিশি প্রহরার দায়িত্বে থাকা কর্মীদের বসার জন্য ওই শেডটি তৈরি করা হয়েছিল। 

তাঁর বক্তব্য ছিল, “এই শেডটি পুলিশই বানিয়েছিল। রাজ্যে সরকার বদলের পরে অভিষেকের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে এই ছাউনিটির আর কোনও প্রয়োজন নেই। তাই সাংসদের পক্ষ থেকেই এটি খুলে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।”

তবে বুধবার রাতের মধ্যে গোটা কাঠামোটি পুরোপুরি খোলা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকালে আর কোনও অপেক্ষা না করে সরাসরি বুলডোজ়ার নিয়ে ১২১ কালীঘাট রোডে হাজির হন পুরকর্মীরা। বুলডোজ়ারের ধাক্কায় ভেঙে ফেলা হয় বাঁশের কাঠামো। গ্যাস কাটারের সাহায্যে কেটে ফেলা হয় ফুটপাত আটকে থাকা লোহার গেটটিও। পুরসভার কর্মীরা দ্রুত বাঁশ এবং অন্যান্য সরঞ্জাম সরিয়ে গোটা ফুটপাত পরিষ্কার করে দেন।

গোটা অভিযান চলাকালীন যাতে কোনও রকম বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য কালীঘাট রোডের দু’দিক ঘিরে রেখেছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তবে পুরসভার কাজে বাধা দেওয়ার কোনও ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ ভাবেই গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ফুটপাত জবরদখল মুক্ত করতে প্রশাসনের এই কড়া পদক্ষেপ ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই সরগরম রাজ্য রাজনীতি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *