কলকাতা: শারদীয় দুর্গোৎসবের আনন্দ ফিকে হতে না হতেই কার্তিকী অমাবস্যার প্রাক্কালে বাংলার মাটিতে শুরু হয়ে যায় আর এক মহাশক্তির আরাধনা। এই পুজো কেবল জাঁকজমক বা উৎসবের নয়, এ হল মানুষের অন্তরের অহংকার বিসর্জনের এক গভীর মহোৎসব। সনাতন ধর্মে দেবী জগদ্ধাত্রী হলেন মহাশক্তি দুর্গারই এক অনন্য ও অপরূপ প্রকাশ। উপনিষদ থেকে শুরু করে কাত্যায়নী তন্ত্র—পৌরাণিক উপাখ্যানের প্রতিটি ছত্রে ছড়িয়ে রয়েছে এই দেবীর আবির্ভাবের অদ্ভুত এবং রোমাঞ্চকর সব রহস্য। জাগতিক সত্ত্ব গুণের প্রতীক এই দেবীর পুজো ভক্তদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আধ্যাত্মিক সাধনার এক অঙ্গ।
পৌরাণিক আখ্যান অনুযায়ী, দেবীর এই মর্ত্যে বা মহাবিশ্বে আবির্ভাবের মূলত দুটি প্রধান ঐতিহাসিক ও আধ্যাত্মিক কারণের সন্ধান মেলে। প্রথম ও অত্যন্ত প্রচলিত কাহিনিটি বর্ণিত হয়েছে বিখ্যাত উপনিষদ এবং কাত্যায়নী তন্ত্রে। অসুরকুলের ত্রাস মহাশাসুর বধের পর দেবতারা ভীষণভাবে অন্ধ হয়ে পড়েছিলেন অহংকারে। তাঁদের বদ্ধমূল ধারণা জন্মেছিল যে, অসুর বধের সমস্ত কৃতিত্ব একমাত্র তাঁদেরই। তাঁরা ভুলে গিয়েছিলেন যে দেবী দুর্গা ছিলেন তাঁদেরই সম্মিলিত শক্তির পুঞ্জীভূত প্রকাশ। দেবতাদের এই অন্ধ দর্প চিরতরে চূর্ণ করার জন্যই মহাশক্তি মায়ারূপে তাদের সামনে আবির্ভূতা হন। দেবতারা নিজেদের ক্ষমতা পরীক্ষার জন্য দেবী একটি সামান্য তৃণখণ্ড তাঁদের দিকে ছুড়ে দেন। স্বর্গ ও মর্ত্যের দাপুটে দেবতারা হাজার চেষ্টা করেও সেই ক্ষুদ্র তৃণখণ্ড এক চুলও নড়াতে পারেননি। দেবরাজ ইন্দ্র থেকে শুরু করে অগ্নি, বায়ু ও বরুণদেব—কেউই সেই তৃণটিকে সামান্য দগ্ধ বা উচ্ছেদ করতে সফল হননি। এই দিব্য ঘটনায় দেবতারা মর্মে মর্মে বুঝতে পারেন যে তাঁদের সমস্ত শক্তি আসলে পরমেশ্বরীর থেকেই আগত এবং এর পরেই দেবতাদের সামনে পরম মহিমায় চতুর্ভুজা জগদ্ধাত্রী রূপে প্রকাশিত হন তিনি।
আরও পড়ুন: ছট পুজোর নেপথ্যে কোন পৌরাণিক কাহিনি? পুণ্যার্থীদের জন্য কলকাতায় নয়া ব্যবস্থা!
আরেকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মত পাওয়া যায় সনাতন ধর্মের পবিত্র গ্রন্থ শ্রীশ্রীচণ্ডীতে। এই শাস্ত্রীয় মত অনুসারে, ঘোর যুদ্ধের কোনো এক পর্যায়ে মহিষাসুর এক বিশাল হাতির রূপ ধারণ করেছিল। সংস্কৃতে হাতির আরেকটি প্রাচীন নাম হল ‘করী’। এই হস্তীরূপী ভয়ংকর অসুরকে বধ করার জন্যই দেবী মহাশক্তি চতুর্ভুজা মূর্তিতে অবতীর্ণ হন এবং তাঁর সুতীক্ষ্ণ সুদর্শন চক্র দিয়ে সেই মত্ত হাতির শুঁড় মুহূর্তে ছেদন করেন। দেবীর এই পরাক্রমশালী রূপটিই পরবর্তীকালে জগদ্ধাত্রী নামে পরিচিতি লাভ করে। আজও দেবী প্রতিমার বাহন সিংহ একটি মৃত হাতির অর্থাৎ করীন্দ্রাসুরের ওপর সগর্বে দাঁড়িয়ে থাকে, যে কারণে দেবীর আরেকটি সনাতন নাম করীন্দ্রাসুরনিসূদিণী। শব্দগত দিক থেকেও ‘জগদ্ধাত্রী’ শব্দের অর্থ অত্যন্ত গভীর, যার অর্থ যিনি এই সমগ্র ব্রহ্মাণ্ড ও জগতকে আপন কুক্ষিতে ধারণ করে রাখেন। কার্তিকের এই পুণ্য লগ্নে দেবীর এই রূপ আমাদের অহংকার নাশ ও বিনয়ের চিরন্তন পাঠ শেখায়।
Leave a comment