শিলিগুড়ি: ‘মন্ত্রী হলে সবকিছু বলার অধিকার জন্মায় না। এবং জ্ঞানও জন্মায় না।’
শনিবার রাতে সমাজমাধ্যমে এই পোস্ট রাজ্য়ের পর্যটনমন্ত্রী ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। রবিবার সকাল থেকে রাজনৈতিক মহলের প্রশ্ন, এই পোস্টের মাধ্যমে রাজ্যরাজনীতিতে কাকে নিশানা করলেন শঙ্কর? তবে কি, মন্ত্রিসভার কোনও সতীর্থের মন্তব্য বা কার্যকলাপে ক্ষুব্ধ হয়েই এমন বার্তা দিলেন উত্তরবঙ্গের এই মন্ত্রী? যদিও বিতর্কের মুখে শঙ্কর নিজে এটিকে স্রেফ ‘আত্মবিশ্লেষণ’ বলে দাবি করলেও, তাৎপর্যপূর্ণভাবে তাঁর এই বক্তব্যকে পূর্ণ সমর্থন জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।
শনিবার রাতের ওই পোস্ট ঘিরে রবিবার সকাল থেকেই রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে ওঠে। প্রশ্ন উঠতে শুরু করে, শঙ্কর ঘোষের এই তির ঠিক কার দিকে? রাজ্যের বর্তমান বিজেপি মন্ত্রিসভার কোনও সদস্যের সাম্প্রতিক কোনও বেফাঁস মন্তব্যের জেরেই কি তিনি এমন প্রতিক্রিয়া দিলেন, নাকি এর নেপথ্যে রয়েছে দলের অভ্যন্তরীণ কোনও সমীকরণ?
জল্পনা বাড়তেই বিষয়টি নিয়ে মুখ খোলেন পর্যটনমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, মন্ত্রিসভার কোনও সতীর্থকে উদ্দেশ্য করে তিনি এই পোস্ট করেননি। শঙ্করের কথায়, ‘‘যা লেখা হয়েছে, তা আমি অন্তর থেকে মনে করি এবং ব্যক্তিগত জীবনে মেনে চলি। এটা নিছকই আত্মবিশ্লেষণ বলাই যেতে পারে। কারও প্রতি কোনও ইঙ্গিত করার উদ্দেশ্য আমার ছিল না।’’

তবে শঙ্কর ঘোষ যতই এই পোস্টকে আত্মসমালোচনা বলে ব্যাখ্যা দিন না কেন, রবিবার সকালে খড়্গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন, তাতে জল্পনার পারদ আরও চড়েছে।
সতীর্থ শঙ্করের পোস্টকে কার্যত সিলমোহর দিয়ে দিলীপ বলেন, ‘‘মন্ত্রীর দায়িত্বটা অনেক বেশি। সমাজে প্রত্যেক নাগরিকেরই একটা দায়িত্ব থাকে, কিন্তু একজন মন্ত্রীকে মানুষ সব সময় অনুসরণ করে। সেখানে মন্ত্রী নিজেই যদি নিয়ম বা শালীনতা না মানেন, তা হলে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করবেই।’’
এখানেই থেমে থাকেননি পঞ্চায়েতমন্ত্রী। নাম না করেই জনপ্রতিনিধিদের সংযত হওয়ার বার্তা দিয়ে তিনি আরও বলেন, ‘‘শুধু মন্ত্রী নয়, সমাজের প্রত্যেক মানুষেরই নিজের সীমার মধ্যে থাকা উচিত। এমন কোনও বক্তব্য রাখা উচিত নয়, যা অন্যকে আহত করে বা যা রীতিনীতি ও সংবিধানের পরম্পরার বাইরে। মানুষ মন্ত্রীকে দেখে শেখে। তিনি নিজে যদি সংবিধানের আধারে না চলেন, তা হলে বাকিরা তো আঙুল তুলবেই।’’
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শঙ্কর ঘোষের পোস্ট এবং তার রেশ ধরে দিলীপ ঘোষের এই সংযত থাকার পরামর্শ, দুইয়ে মিলে শাসক শিবিরের অন্দরে শৃঙ্খলার বার্তা দেওয়ার একটা প্রচ্ছন্ন চেষ্টা স্পষ্ট। সাম্প্রতিক সময়ে দলের কয়েকজন নেতা ও বিধায়ক-মন্ত্রীর বিভিন্ন মন্তব্য ঘিরে যেভাবে বিতর্ক তৈরি হয়েছে।
শঙ্কর এবং দিলীপের এই অবস্থান সেই অস্বস্তিকেই সামাল দেওয়ার কৌশল কি না, তা নিয়েও চর্চা চলছে। আপাতত শঙ্কর ঘোষের ‘আত্মবিশ্লেষণ’ এবং দিলীপ ঘোষের ‘সংবিধান মেনে চলার’ দাওয়াই বঙ্গ বিজেপির অন্দরমহলে ঠিক কী প্রভাব ফেলে, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।
Leave a comment