•
Home বিশ্ব শেখ হাসিনাকে কি তবে শীঘ্রই ফেরত পাঠাচ্ছে ভারত? জল্পনার মাঝেই ওপার বাংলার মন্ত্রীর চাঞ্চল্যকর মন্তব্যে তোলপাড়!
বিশ্বদেশ

শেখ হাসিনাকে কি তবে শীঘ্রই ফেরত পাঠাচ্ছে ভারত? জল্পনার মাঝেই ওপার বাংলার মন্ত্রীর চাঞ্চল্যকর মন্তব্যে তোলপাড়!

Share
হিডেন স্টোরিজ নিউজ
শেখ হাসিনা ও বাংলাদেশের আইনমন্ত্রী মহম্মদ আসাদুজ্জামান। ফাইল ছবি
Share

ঢাকা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি খুব শীঘ্রই ফিরিয়ে আনা হচ্ছে বাংলাদেশে? বন্দি প্রত্যর্পণ চুক্তি নিয়ে এই জল্পনার মাঝেই এবার এক বিস্ফোরক দাবি করলেন বাংলাদেশের আইনমন্ত্রী মহম্মদ আসাদুজ্জামান। প্রথম আলোর একটি প্রতিবেদনের সূত্র ধরে জানা গিয়েছে, আইন মেনেই হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই সংক্রান্ত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। ওপার বাংলার এই মন্ত্রীর এমন মন্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

যদিও এই বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে এর আগে সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, হাসিনাকে প্রত্যর্পণের ক্ষেত্রে দুটি নির্দিষ্ট শর্তের কথা বিবেচনা করছে নয়াদিল্লি। প্রথমত, ২০২৪ সালের আগস্ট মাসে তিনি যেহেতু সামরিক বিমানে ভারতে এসেছিলেন, তাই তাঁকে ফিরিয়ে নেওয়ার দায়িত্বও নিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে এবং প্রয়োজনে বাংলাদেশ থেকেই সামরিক বিমান পাঠিয়ে তাঁকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। দ্বিতীয়ত, আইনি লড়াইয়ের ক্ষেত্রে হাসিনাকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ ও নতুন করে বিচার প্রক্রিয়া শুরুর মাধ্যমে তাঁর নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলা হয়েছে।

আরও পড়ুন: হাসিনার ফেরায় ‘নীরব’ সম্মতি, নিরাপত্তায় ঢাকার থেকে গ্যারান্টি চায় দিল্লি!

এই সমস্ত জল্পনার মাঝেই শনিবার বাংলাদেশের আইনমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, তাঁদের দেশের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, তা সম্পূর্ণ করা হয়েছে এবং এখন ভারতের পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে ঢাকা। পাশাপাশি ১৯৭৩ সালের একটি বিশেষ আইনের কথা উল্লেখ করে তিনি জানান, ওই আইনের ৪৭(৩) অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা মৌলিক অধিকারের দাবি করতে পারেন না। যদিও এই সংবেদনশীল ইস্যুতে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কোনো মন্তব্য করতে চাননি।

এদিকে গত ৯ নভেম্বর ঢাকার কাছে নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা স্বয়ং। তাঁর আইনজীবী খোদ দিল্লি গিয়ে বাংলাদেশ দূতাবাসে এই মর্মে একটি চিঠি জমা দেন। দেশ ছাড়ার পর এই প্রথমবার তিনি বর্তমান সরকারের সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করলেন। অন্যদিকে, ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক স্তরে প্রবল চাপ সৃষ্টি করে চলেছে ওপার বাংলার সরকার। ভারতকে কূটনৈতিক বার্তা বা ‘নোট ভার্বাল’ পাঠিয়েও তাগাদা দেওয়া হয়েছিল। এখন দেখার, আইনমন্ত্রী এই দাবির পর আগামী দিনে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কী মোড় নেয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *