•
Home Top-News হাসিনা ফিরছেন, এই গুঞ্জনেই অগ্নিগর্ভ বাংলাদেশ! পুড়ল থানা, জীবন্ত দগ্ধ বাস চালক
Top-Newsবিশ্ব

হাসিনা ফিরছেন, এই গুঞ্জনেই অগ্নিগর্ভ বাংলাদেশ! পুড়ল থানা, জীবন্ত দগ্ধ বাস চালক

Share
টুঙ্গিপাড়া পুলিশ স্টেশনে আগুন। ছবি: এক্স
Share

ঢাকা: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের গুঞ্জন এবং দিল্লির বাংলাদেশ দূতাবাসে তাঁর পাসপোর্ট আবেদনের খবরের মাঝেই নতুন করে অগ্নিগর্ভ হয়ে উঠল বাংলাদেশ। একদিকে পোশাক শ্রমিকদের লাগাতার বিক্ষোভ, অন্যদিকে হাসিনার দল আওয়ামী লিগের শক্তি প্রদর্শন। এই জোড়া ফলায় মঙ্গলবার বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে রাজধানী ঢাকা থেকে শুরু করে গোপালগঞ্জ ও পিরোজপুরের বিস্তীর্ণ এলাকা। 

দফায় দফায় অবরোধ, ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের ঘটনায় প্রাণহানিও ঘটল। বুধবার সকালে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। বাসের ভিতরে ঘুমন্ত অবস্থায় জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ২৫ বছর বয়সি ওই বাসচালকের।

অশান্তির সবচেয়ে ভয়াবহ চেহারা দেখা গিয়েছে শেখ হাসিনার নিজের জেলা গোপালগঞ্জে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ এবং ১৫ নভেম্বর গোপালগঞ্জে সংঘটিত হিংসার ঘটনায় অভিযুক্ত আওয়ামী লিগ ও ছাত্রলিগের বেশ কয়েক জন নেতা-কর্মীকে মঙ্গলবার গ্রেফতার করেছিল পুলিশ। 

তাঁদের নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার সন্ধ্যা থেকেই ফুঁসছিল টুঙ্গিপাড়া। আওয়ামী লিগের কর্মী-সমর্থকেরা জোটবদ্ধ হয়ে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন। পুলিশ আটক নেতা-কর্মীদের ছাড়তে অস্বীকার করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। 

আরও পড়ুন : শেখ হাসিনাকে কি তবে শীঘ্রই ফেরত পাঠাচ্ছে ভারত? জল্পনার মাঝেই ওপার বাংলার মন্ত্রীর চাঞ্চল্যকর মন্তব্যে তোলপাড়!

অভিযোগ, পুলিশের সঙ্গে তুমুল খণ্ডযুদ্ধের পর বিক্ষুব্ধ জনতা থানার ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং থানা ভবন ও পাশের পুলিশ ব্যারাকে আগুন ধরিয়ে দেয়। শুধু তা-ই নয়, পুলিশি হেফাজতে থাকা ধৃত নেতা-কর্মীদেরও ছিনিয়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড ছুড়লেও প্রবল প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়। এর পরপরই গোপালগঞ্জ-৩ আসনের সাংসদ এসএম জিলানির বাড়িতেও হামলা চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়।

গোপালগঞ্জের রেশ আছড়ে পড়েছে রাজধানী ঢাকাতেও। মঙ্গলবার রাত ৯টা নাগাদ পল্লবীর সিরামিক রোডে রাস্তার পাশে পার্ক করা ‘মিরপুর লিংক’ পরিবহণের একটি বাসে প্রথম আগুন লাগানো হয়। এই ঘটনায় সন্দেহভাজন এক জনকে আটক করেছে পুলিশ। 

এর পর রাত বাড়তেই মহাখালি, বাড্ডা এবং রামপুরা এলাকায় আরও তিনটি বাসে অগ্নিসংযোগ করে দুষ্কৃতীরা। পাশাপাশি রাজধানীর ছ’টি গুরুত্বপূর্ণ জায়গায় পরপর ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।

অন্য দিকে, বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ সূত্রে খবর, বুধবার সকালে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দু’টি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। একটি বাসের ভিতরে সেই সময় ঘুমিয়ে ছিলেন ২৫ বছরের চালক। 

বাইরে বেরোনোর সুযোগ না পেয়ে বাসের মধ্যেই পুড়ে মৃত্যু হয় তাঁর। স্থানীয় থানা সূত্রে জানানো হয়েছে, মৃত চালকের পরিবারের তরফে এখনও পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়নি এবং বাসমালিকেরাও কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি।

আরও পড়ুন : হাসিনার ফেরায় ‘নীরব’ সম্মতি, নিরাপত্তায় ঢাকার থেকে গ্যারান্টি চায় দিল্লি!

উল্লেখ্য, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বার্তা এবং তাঁর প্রত্যর্পণ নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক স্তরে শর্তসাপেক্ষ আলোচনার খবর সামনে আসতেই নতুন করে তেতে উঠেছে পদ্মাপারের রাজনীতি। 

অশান্তি রুখতে গোপালগঞ্জ ও ঢাকার স্পর্শকাতর এলাকাগুলিতে বিশাল নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে, জায়গায় জায়গায় বসানো হয়েছে ব্যারিকেড। তবুও অগ্নিসংযোগ ও নাশকতার বিরাম না থাকায় গোটা দেশ জুড়ে চরম উদ্বেগ ও থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *